২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছয় আসনে আওয়ামী লীগের নতুন মুখ

চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ মঙ্গলবার বিকেল পর্যন্ত ১৫ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে। কেন্দ্রীয় কমিটি এবার নবীণ প্রার্থী মনোনয়নের দিকে নজর দিয়েছে। এ পর্যন্ত ছয়জন নবীণ নেতা দলীয় অনুমোদন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ মঙ্গলবার বিকেল পর্যন্ত ১৫ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে। কেন্দ্রীয় কমিটি এবার নবীণ প্রার্থী মনোনয়নের দিকে নজর দিয়েছে। এ পর্যন্ত ছয়জন নবীণ নেতা দলীয় অনুমোদন পেয়েছেন। মহানগরীর চারটি ও জেলার এগারটির মধ্যে বেশিরভাগ আসনে কেন্দ্রীয়ভাবে মনোনীতদের নিয়ে প্রকাশ্য কোনো বিবাদ দেখা না গেলেও জেলার চারটি আসনে অসন্তোষ তৈরি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এসব আসনে 'বঞ্চিতদের' কেউ কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথাও ভাবছেন। চট্টগ্রাম-১৬ (সন্দ্বীপ) আসনে প্রয়াত সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমানের পুত্র মাহফুজুর রহমান মিতা মনোনয়ন না পাওয়ায় দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করার কথা মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, "জনগণের সমর্থন থাকা সত্ত্বেও আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। তাই আগামীকাল (বুধবার) সন্দ্বীপ ফিরে গিয়ে নির্বাচনের কাজ শুরু করব।" এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ডা. জামাল উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগড়া) আসনে মনোনয়ন না পেয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি জাফর আহমেদ চৌধূরী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে। 'এলাকাবাসীর স্বার্থে' স্বতন্ত্রভাবে নির্বাচন করার কথা জানান তিনি। এ আসনে প্রার্থী হিসাবে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা একেএম সিরাজুল ইসলাম চৌধুরীকে বেছে নেওয়া হয়েছে। জাফর আহমদ দলের সিদ্ধান্তের বাইরে নিজেই নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেন। আওয়ামী লীগ শেষ পর্যন্ত এলডিপির সঙ্গে জোট করলে এ আসনটি কর্নেল (অব) অলি আহমদকে ছেড়ে দিতে পারে। সেক্ষেত্রেও জাফর আহমেদ বিরোধিতা অব্যাহত রাখতে পারেন বলে ইঙ্গিত করেন। অপরদিকে, চট্টগ্রামে মহাজোটকে কয়েকটি আসন ছেড়ে দেওয়ার যে সম্ভাবনা রয়েছে তাতে অন্তত তিনটিতে (সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া) আওয়ামী লীগের সাথে জোটের প্রার্থীদের দ্বন্দ্ব হতে পারে বলে দলীয় নেতারা জানিয়েছেন। প্রথমবারের মতো দলের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, মহানগর যুগ্ম সম্পাদক খোরশেদ আলম সুজন, ব্যবসায়ী শামসুল হক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাতকানিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা একেএম সিরাজুল ইসলাম চৌধুরী এবং সন্দ্বীপ আওয়ামী লীগ নেতা ডা. জামাল উদ্দিন চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ ছালাম। এ আসনে দণ্ডপ্রাপ্ত রফিকুল আনোয়ারকে মনোনয়ন দেওয়া না হলে সেখানেও নতুন মুখ দেখা যাবে। এ পর্যন্ত ঘোষিত ১৫ আসনের মধ্যে মনোনয়ন নিয়ে কমবেশি দ্বন্দ্ব ও অসন্তোষ রয়েছে চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগাড়া), চট্টগ্রাম- ১১ (পটিয়া), চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) ও চট্টগ্রাম-১৬ (সন্দ্বীপ) আসনে। ফটিকছড়িতে একাধিক নতুন প্রার্থী জোরালোভাবে নির্বাচনের প্রত্যাশা করায় এ আসনে মনোনয়ন না পাওয়ারা বিরোধিতা করবেন বলে জানা গেছে। চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনে এবং চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) আসনেও মনোনয়ন নিয়ে দলীয় কোন্দল চলছে। মনোনয়ন না পাওয়ারা কেন্দ্রীয়ভাবে ঘোষিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিতে পারেন বলে জানা গেছে। পটিয়ায় নতুন প্রার্থী ব্যবসায়ী শামসুল হককে মনোনয়ন দেওয়ায় এলাকায় মনোনয়ন প্রত্যাশী লায়ন শামসুল আলমের কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অপরদিকে, বাঁশখালী আসনে দলীয় প্রার্থী সুলতানুল কবীর চৌধুরীর সঙ্গে আখতারুজ্জামান বাবু গ্র"প সমর্থিত উপজেলা নেতাদের বিরোধ দীর্ঘদিনের। এর প্রভাব নির্বাচনে পড়তে পারে বলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান। তবে দলীয় কোন্দলের বিষয়টি অস্বীকার করে সুলতানুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের সময় সবাই এক হয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করবে। আগামী নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামে আওয়ামী লীগ তাদের হারানো আসনগুলো ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ফটিকছড়ি আসনে দণ্ডপ্রাপ্ত সাবেক সাংসদ রফিকুল আনোয়ার ছাড়া মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছেন সাবেক সাংসদ নুরুল আলম চৌধুরী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম। তবে রফিকুল আনোয়ার ছাড়া অন্য দু'জনের কাউকে মনোনয়ন দেওয়া হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তা মেনে নেওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। বিগত দুটি সংসদ নির্বাচনে এখান থেকে রফিকুল আনোয়ার বিজয়ী হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসকে/২১৪২ঘ.