২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে বৈঠক ফলপ্রসূ: উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার সন্ধ্যার বৈঠক 'ফলপ্রসূ হয়েছে' বলে জানিয়েছেন আলোচনায় সরকারের পক্ষে অংশ নেওয়া পাঁচ উপদেষ্টার অন্যতম বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। (আরও তথ্যসহ ৪)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার সন্ধ্যার বৈঠক 'ফলপ্রসূ হয়েছে' বলে জানিয়েছেন আলোচনায় সরকারের পক্ষে অংশ নেওয়া পাঁচ উপদেষ্টার অন্যতম বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও বৈঠকের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, তারা নির্বাচনে যেতে 'খুবই আগ্রহী'। এ নিয়ে সরকারের পাঁচ উপদেষ্টার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। সামনে দু'পক্ষের আরো আলোচনা হবে। নির্বাচনে যাওয়ার শর্ত হিসেবে সোমবার রাতে খালেদা জিয়া ৪টি শর্ত দিয়ে ৪৮ ঘন্টা সময় বেধে দেন। সরকারের পাঁচ উপদেষ্টা মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে বৈঠক শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর উপদেষ্টা হোসেন জিল্লুর সাংবাদিকদের বলেন, "বিএনপি চেয়ারপার্সন গত সোমবার ইতিবাচক একটি বিবৃতি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তাদের কিছু দাবি-দাওয়া নিয়ে আমরা আজ কথা বলেছি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ফলপ্রসূ হয়েছে। সামনে আরও আলোচনা হবে।" এর পরপরই পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালকে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ধানমণ্ডির সুধাসদন রওনা হন জিল্লুর রহমান। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "গতকালকের বিবৃতির পর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। বৈঠকে আমরা বলেছি বিএনপি একটি নির্বাচনমুখী দল। নির্বাচন করতে আমরা খুবই আগ্রহী। তবে আমাদের নির্বাচনে নিতে হলে কী করতে হবে সেটি উপদেষ্টাদের জানানো হয়েছে।" বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন। খালেদার ঘোষিত দফা চারটি হলো জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন একমাস পেছানো, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯১ (ই) সহ কয়েকটি ধারা স্থগিত ও হজ যাত্রীদের ভোটের সুযোগ দিতে সংসদ নির্বাচনের তফসিল পেছানো। এতদিন সাত দফা দাবি করে এলেও খালেদা জিয়া সোমবার বলেন কিছুটা ছাড় দিয়ে তারা ৪ দফায় নেমে এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসএনডি/এসকে/২১১০ঘ.