ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার দাবির মুখে হজযাত্রীদের সম্পর্কে ধর্ম মন্ত্রণালয় থেকে দেওয়া তথ্য নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার রাতে খালেদা জিয়া চারদলের নির্বাচনে অংশগ্রহণের শর্ত হিসেবে হজযাত্রীদের ভোট দেওয়ার সুযোগ দিতে কার্যত নির্বাচন পেছানোর দাবি জানান।
মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ধর্ম মন্ত্রণালয় থেকে হজযাত্রীদের তথ্য চেয়েছে বলে জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আফজাল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিশন থেকে এবারের হজযাত্রীদের সংখ্যা জানতে চাওয়া হয়। আমরা কমিশনকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছি।"
সার্বিক পরিস্থিতি নিয়ে বেলা সাড়ে ১২ টায় বৈঠকে বসে নির্বাচন কমিশন।
হজ কর্মকর্তা বজলুল হক বিশ্বাস জানান, এবার হজযাত্রী রয়েছে ৪৮ হাজার ৮ শত ৭৬ জন। এর মধ্যে সরকারি হজযাত্রী সাত হাজার ছয় শত ১৮ জন। আর বেসরকারি হজযাত্রী রয়েছে ৪১ হাজার দুইশত ৫২ জন।
বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সে করে হজে যাওয়ার শেষ সময় হচ্ছে যথাক্রমে ২ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর।
চাঁদ দেখা সাপেক্ষে ৮ ডিসেম্বর হজ অনুষ্ঠানের সময়সূচি রয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও জানান, হজের পর প্রতিদিন গড়ে এক হাজারের মত হাজী দেশে ফিরবে।
আগামী ১৮ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
সোমবার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাজীদের ভোটাধিকার নিশ্চিত করে সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণার শর্ত দিয়ে সরকারকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসজেড/জিএনএ/১৩৩৩ ঘ.
bdnews24