ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ৪৮ ঘণ্টার মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার ও উপজেলা নির্বাচন একমাস পেছানোসহ ৪ দফা দাবি মেনে নিলে চারদল সংসদ নির্বাচনে যাবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
চার দফা দাবির অন্য দু'টি হচ্ছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯১ (ই) ধারা সহ কয়েকটি ধারা স্থাগিত ও হজ যাত্রীদের ভোটদানের ব্যবস্থা করা।
৯১ (ই) ধারায় নির্বাচন কমিশনকে প্রার্থিতা বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে।
খালেদা জিয়া রাত ৯ টা ১৫ মিনিটে তার গুলশান কার্যালয়ে জনার্কীর্ণ সংবাদ সম্মেলনে 'দেশবাসীকে উদ্দেশ করে' একটি লিখিত বক্তব্যে তার শর্তাধীন নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন।
খালেদা জিয়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারকে এসব দাবির বিষয়ে সুষ্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানান।
তিনি নির্বাচনের নতুন তফশিলও ঘোষণা করতে বলেছেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, "আমরা আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই বলে সাত দফার অন্য দাবিগুলো ছাড় দেওয়ার ঘোষণা দিচ্ছি। আশা করি সরকার পূর্ণ সদিচ্ছার প্রমাণ দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করবে।"
এর আগে খালেদা জিয়া নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে দলের স্থায়ী কমিটি ও চারদলের নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন।
গুলশানের অফিসে সন্ধ্যা থেকেই দলীয় নেতা কর্মীরা ভিড় জমান। নির্বাচনের বিষয়ে খালেদা জিয়া কি সিদ্ধান্ত জানান তা নিয়ে সবার মধ্যেই ছিল প্রবল কৌতুহল।
খালেদা জিয়া তার দু' পৃষ্ঠার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, "প্রস্তুতিবিহীন অবস্থায় ১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।"
তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকার নির্বাচনের সব প্রস্ততি এখনও সম্পন্ন করেনি। ভোটার ও প্রার্থীরা আজও জানেন না নতুন নির্বাচনী এলাকা অনুযায়ী কোথায় কার অবস্থান।
খালেদা সতর্ক করে দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে নতুন তফশিল ঘোষণা না দিলে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হবে তার দায়ভার সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে।
বিগত দু' বছরে সরকার একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, "নির্বাচনের উপযোগী পরিবেশ সৃষ্টির উদ্যোগ অনেক আগে থেকেই নেওয়া হলে আজ এ অগোছালো পরিস্থিতির সৃষ্টি হতো না। অহেতুক কালক্ষেপণ করা হয়েছে। আমাদের সাত দফা দাবি অনেক আগেই পেশ করেছিলাম কিন্তু তার প্রতি কোনও গুরুত্ব দেওয়া হয়নি।"
বিএনপির চেয়ারপারসন বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রমের সমালোচনা করে বলেন, এখনও ভোটার তালিকা এলাকায় পৌঁছেনি। নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ আজই শেষ করার ঘোষণা দিয়েছে। কিন্তু তার মধ্যে চারদলের দু'টি শরিক দল এখনও নিবন্ধন পায়নি।
তবে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নে সাহায্যের জন্য তিনি সশস্ত্রবাহিনীকে ধন্যবাদ জানান।
নির্বাচন নিয়ে মানুষের উদ্বেগ প্রসঙ্গে বিএনপি ও জোটের 'দায়িত্বশীল ভূমিকার' কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, "একটি দায়িত্বশীল দল হিসাবে আমরা আজ বিএনপি ও চারদলের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানাতে চাই যে, শত অনিশ্চয়তার মধ্যেও নির্বাচনে অংশগ্রহণের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা নির্বাচনে যেতে চাই।" আমরা জনগণকে শ্বাসরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে চাই।
খালেদা জিয়া এ বক্তব্য পাঠ করার সময় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, বংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান ও ইসলামী ঐক্য জোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীসহ চারদলীয় জোট ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকের সময় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম,অ্যাডভোকেট মাহবুবউদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটি সদস্য না হলেও কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও তরিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
মাসখানেক আগে বিএনপি সাত দফা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় এবং এর দাবিতে
bdnews24