ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় আত্মসমর্পণের পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ইমারত পরিদর্শক কাজী আমীর খসরুর স্ত্রী পারভিন আক্তারকে সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত।
পারভিন আক্তার বেলা ১২টার দিকে বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. সিরাজুল ইসলাম আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অবৈধভাবে প্রায় ৮৮ লাখ টাকার সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত মার্চে আমীর খসরুর বিরুদ্ধে এ মামলা দায়ের করে। আর এ কাজে স্বামীকে সহযোগিতার অভিযোগ আনা হয় পারভিন আক্তারের বিরুদ্ধে। আমীর খসরু পলাতক রয়েছেন।
পারভিনের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান চৌধুরী জানান, তার মক্কেল সত্য ও জবাবদিহিতা কমিশনের অনুকম্পা লাভের জন্য আবেদন করেছেন। আদালতকে বিষয়টি জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/জেকে/১৮৫৩ ঘ.
bdnews24