ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে ৬৩ আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের আহ্বায়ক খালেকুজ্জামান।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে রাজেকুজ্জামান রতন (ঢাকা-৮), সাইফুর রহমান তপন (কুমিল্লা-৮), শ্রমিক নেতা ওসমান আলী (গাজীপুর-১) আসনে নির্বচিন করবেন।
সংবাদ সম্মেলনে রাজেকুজ্জামান রতনসহ সম্ভাব্য সাত জন প্রার্থী উপস্থিত ছিলেন। অপর প্রার্থীরা হলেন- তাহেরা বেগম জলি (ঢাকা-১১), জুলফিকার আলী (ঢাকা-৫), ঈমান হোসেন কানন (ঢাকা-৯), প্রকৌশলী হারুন আল রশীদ (ঢাকা-১৫), প্রকৌশলী মীর মোশাররফ হোসেন চৌধুরী (ঢাকা-১৬) ও মনজুর হোসেন (ঢাকা-১৩)।
আন্দোলনের অংশ হিসেবে বাসদ নির্বাচনে অংশ নিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
খালেকুজ্জামান বলেন, "২২ জানুয়ারির নির্বাচন যে ধরনের সঙ্কটের জন্ম দিত, ১৮ ডিসেম্বরের নির্বাচন আরও বড় সঙ্কটের জন্ম দিতে পারে। তবে অনির্বাচিত সরকারের বদলে নির্বাচিত সরকারের গণদাবির পরিপ্র্রেক্ষিত বিবেচনা করে আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি।"
বাসদ নেতা বলেন, "গত দুই বছরে তত্ত্বাবধায়ক সরকার জনগণের আকাক্সক্ষার সঙ্গে সুর মিলিয়ে কথা বললেও জনগণের স্বার্থ আর প্রত্যাশার বিপরীতেই তারা কাজ করেছে।"
আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত রয়েছে। ২০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১৮১৩ ঘ.
bdnews24