ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে শেখ হাসিনা কানাডীয় হাইকমিশনারকে জানিয়েছেন।
সোমবার হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত রবার্ট ম্যাকডুগালের সাক্ষাত শেষে বৈঠকের বিষয়ে হাসিনার বিশেষ সহকারী হাসান মাহমুদ সাংবাদিকদের একথা জানান।
সুধা সদনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, "একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আওয়ামী লীগ যে প্রস্তুত রয়েছে সে বিষয়টিই কানাডার রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।"
বিশেষ সহকারী বলেন, "সন্ত্রাস নির্মূলে দু'দেশ যাতে এক সঙ্গে কাজ করতে পারে সেজন্য আশাবাদ ব্যাক্ত করেছেন শেখ হাসিনা।"
এছাড়া স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহ করায় কানাডাকে ধন্যবাদও জানানো হয়েছে বৈঠকে।
বৈঠক শেষে সাংবাদিকদের রবার্ট বলেন, "দ্বিপক্ষীয় ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে।"
আসন্ন জাতীয় নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার করা উচিত কিনা জানতে চাইলে তিনি বলেন, "তারা (কানাডা) চায় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১২০৫ ঘ.
bdnews24