ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ৩৬ জনকে যুদ্ধাপরাধী এবং নির্বাচনের অযোগ্য ঘোষণার আদেশ চেয়ে করা আবেদনের গ্রহণযোগ্যতার শুনানি হবে আগামী মঙ্গলবার।
রোববার এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা থাকলেও বাদি পক্ষের আবেদনের কারণে ঢাকার সহকারী জজ ইফতেখার আহমেদ নতুন দিন ধার্য করেন।
যাদের যুদ্ধাপরাধী ও নির্বাচনের অযোগ্য ঘোষণার আবেদন করা হয়েছে তাদের মধ্যে আরও রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান।
স্পর্শকাতর এ মামলার বিচার দেওয়ানী কার্যবিধি অনুযায়ী চলে কি না- মঙ্গলবার সে বিষয়ে শুনানি হবে।
ঢাকা জজ আদালতের আইনজীবী লিটন মিয়া, মো. সাফায়েত হোসেন রাজীব ও শিক্ষানবীস আইনজীবী রাজিব আহমেদ গত বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন।
এতে মোট ৩৬ জনকে যুদ্ধাপরাধী এবং নির্বাচনের অযোগ্য ঘোষণার আদেশ চাওয়ার পাশাপাশি তারা যাতে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে না পারেন সে জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়।
মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/১৯৪২ঘ.
bdnews24