ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে ছাড়া নির্বাচন হলে তার দায় বর্তমান সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
জরুরি অবস্থা প্রত্যাহারসহ ৭ দফা দাবি দ্রুত মেনে নিয়ে চারদলীয় জোটকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আবারও আহবান জানিয়েছেন তিনি।
খোন্দকার দেলোয়ার রোববার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "বিএনপির কোনও দাবিই সরকার পূরণ করেনি। সব দলের জন্য নির্বাচনে অংশ নেওয়ার সমান সুযোগ এখনও তৈরি হয়নি। আমরা নির্বাচনে যেতে চাই। সেজন্য আমাদের দেওয়া যৌক্তিক দাবিগুলো সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে।"
বিএনপি নির্বাচনে যাবে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা নির্বাচনে যেতে চাই। কিন্তু নির্বাচনের পরিবেশ তৈরি না হলে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। বিএনপিকে ছাড়া নির্বাচন হলে তার দায় বর্তমান সরকারকেই নিতে হবে।"
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অবিলম্বে দুই নেত্রীকে এক সঙ্গে বৈঠকের আয়োজন করে নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা জরুরি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী রোববার বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে, তা ৩০ দিনের বেশি টিকবে না।
তিনি রাজধানীর দিলকুশায় তার বাণিজ্যিক কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "বিএনপিকে বাদ দিয়ে কোনও পাতানো নির্বাচন হলে তা জনগণ মেনে নেবে না। ওই নির্বাচনের মধ্যদিয়ে গঠিত সরকার ৩০ দিনের বেশি টেকসই হবে না।"
নির্বাচনের প্রস্তুতি বিএনপির রয়েছে জানিয়ে তানভীর সিদ্দিকী বলেন, "আমাদের প্রস্তুতি থাকলেও নির্বাচনের সমান সুযোগ এখনও সরকার তৈরি করতে পারেনি।"
আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত আছে। আগামী ২০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি শুরু করলেও বিএনপি এখনও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭০০ ঘ.
bdnews24