২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পুরো মুক্ত পরিবেশেই হতে পারে

১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন জরুরি অবস্থা মুক্ত পরিবেশেই হবে বলে আভাস দিলেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। শনিবার দুপুরে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে বলেন, "নির্বাচনী পরিবেশ সুষ্ঠুভাবে বিকাশমান হলে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি বিবেচনাধীন।" (বিস্তারিত) >>ব্রিফিংয়ে হোসেন জিল্লুরের পাঠ করা বিবৃতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 07:28 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, ১৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন জরুরি অবস্থা মুক্ত পরিবেশেই হবে বলে আভাস দিলেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। শনিবার দুপুরে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে বলেন, "নির্বাচনী পরিবেশ সুষ্ঠুভাবে বিকাশমান হলে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি বিবেচনাধীন।" এর আগে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জরুরি অবস্থা আরেক দফা শিথিল করার বিষয়টিও বিবেচনাধীন বলে জানান তিনি। বিএনপি উত্থাপিত ৭ দফাসহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবি সম্পর্কে সরকারের অবস্থান পরিস্কার করা 'সংশয় নিরসন ও আস্থার পরিবেশ জোরদার করার' লক্ষ্যে সহায়ক হবে"বলে পড়ে শোনানো লিখিত বক্তব্যে আশা প্রকাশ করেন উপদেষ্টা। সব দলের জন্য সমান সুযোগ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরির দাবি প্রসঙ্গে এতে তিনি বলেন, "নির্বাচন কমিশনের অনুরোধে আগস্ট মাসে মাঠ প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়াকে পক্ষপাতমূলকভাবে প্রভাবিত করতে পারে এ ধরণের যে কোন প্রবণতাকে সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর।" নির্বাচন কমিশনের কাছে পক্ষপাতের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হলে দ্রুত প্রতিকার করা হবে বলে আশ্বাস দেন উপদেষ্টা। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সম্পর্কে হোসেন জিল্লুর বলেন, ইতিমধ্যেই আরপিও সংক্রান্ত কিছু সংশোধনী আনা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের ক্ষমতা সুনির্দিষ্ট প্রক্রিয়ার দ্বারা নিয়ন্ত্রিত বলে মন্তব্য করেন তিনি। আদালতে বিচারাধীন বিভিন্ন মামলা নিয়েও কিছু কিছু বক্তব্য এসেছে উল্লেখ করে তিনি বলেন, "বিষয়টি স্বাধীন বিচার ব্যবস্থার এখতিয়ারের অধীন।" উপদেষ্টা বলেন, "সীমানা পুনর্র্নিধারণের বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ায় এ বিষয়টি আর প্রাসঙ্গিক নয়।" এসময় সাংবাদিকদের কাছ থেকে কোনও প্রশ্ন নেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এসকে/১৪৫২ঘ.