২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থায় নির্বাচন অবাধ হবে না: ডয়চে ভেলেকে খালেদা

জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি পুনর্বার জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তা না হলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 07:26 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি পুনর্বার জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তা না হলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। বৃহস্পতিবার জার্মান বেতার ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ- দাবি করে খালেদা জিয়া বলেন, বর্তমান অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা- এ প্রশ্নে খালেদা জিয়া ডয়চে ভেলেকে বলেন, "এ সরকার যে অবস্থা করেছে, তা থেকে উত্তরণের একমাত্র উপায় হল নির্বাচন। সে জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তবে তার জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার। আর সরকারকেই এ কাজ করতে হবে এবং জরুরি অবস্থা তুলে নিতে হবে।" "জরুরি অবস্থা তুলে না নিলে কোনোভাবেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না।" নির্বাচনের বিষয়ে বিএনপি চেয়ারপারসন আরও বলেন, "আমরা ইলেকশন চাই, সিলেকশন নয়। আমরা নির্বাচনে অংশ নিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা দেশের মানুষকে এ সরকারের হাত থেকে মুক্ত করতে চাই। আগামী নির্বাচনে বিএনপির স্লোগান হবে- 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও'।" বর্তমান সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, "এ সরকারের আমলে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বহু ধরনের অবনতি হয়েছে। এ তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত করেছে। দেশকে রাজনীতিশূন্য করতে চেয়েছিল তারা, যদিও ব্যর্থ হয়েছে।" "তাদের (তত্ত্বাবধায়ক সরকার) ব্যর্থতার বাস্তব রূপ হচ্ছে চালের দাম ৪০ টাকা। এ সরকার জনপ্রিয় নয়, বরং মানুষের কাছে এখন দুঃস্বপ্ন", খালেদা বলেন। আগামী ১৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। বিএনপি বলছে, সংলাপে দেওয়া তাদের সাত দফা বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে যাবে না। এদিকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৩২৭ ঘ.