২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের জন্য জনগণ আর সময় দেবে না: হাসিনা

কমিশন ঘোষিত ১৮ ডিসেম্বরেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "জনগণ অনেক সময় দিয়েছে, আর দেবে না।" যুবলীগের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভায় শেখ হাসিনা সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, "দুই বছরেও কেউ তৈরি হয়নি বলে নির্বাচন পেছাতে হবে! কেন এত আহ্লাদ! কার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের এত আঁতাত!"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমিশন ঘোষিত ১৮ ডিসেম্বরেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "জনগণ অনেক সময় দিয়েছে, আর দেবে না।" যুবলীগের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভায় শেখ হাসিনা সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, "দুই বছরেও কেউ তৈরি হয়নি বলে নির্বাচন পেছাতে হবে! কেন এত আহ্লাদ! কার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের এত আঁতাত!" রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেলে ওই সভায় সাবেক প্রধানমন্ত্রী সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, "তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন না করলে কারা আসবে? তাহলে কী নির্বাচন হবে না? নির্বাচন না হলে কী ধরনের শাসন আসবে? কারো কারো অনেক খায়েশ থাকতে পারে। কিন্তু বাংলার মানুষ নির্বাচন ছাড়া অন্য কিছু মেনে নেবে না।" প্রায় দেড় বছর পর দেশে কোনো আলোচনা সভায় অংশ নিয়ে হাসিনা আওয়ামী লীগ নেতাদের মুক্তি এবং শেখ রেহানাসহ সবার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার নাকি লন্ড্রির কাজ করছে। দুর্নীতিবাজদের গায়ের গন্ধ দূর করা আর যারা দুর্নীতি করেনি তাদের গায়ে কিছু ময়লা মাখিয়ে দেওয়াই নাকি তত্ত্বাবধায়ক সরকারের কাজ।" বিকেল সাড়ে ৪টার দিকে সভাস্থলে এলে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা শ্লোগান ও করতালি দিয়ে হাসিনাকে স্বাগত জানায়। পরে বক্তৃতার সময় বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর ছেলে হয়েও জামাল (শেখ জামাল) লন্ডনে সেলসম্যানের কাজ করেছে। রেহানা (শেখ রেহানা) প্রধানমন্ত্রীর বোন হয়েও চাকরি করে খাচ্ছে।" ২০০৭ সালের ১১ জানুয়ারির পর থেকে শেখ হাসিনা কারামুক্ত না হওয়া পর্যন্ত যুবলীগের নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন শেখ হাসিনা। তিনি বলেন, "নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাদেরই থাকে যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যারা ষড়যন্ত্রের কাছে মাথা নত করে না, যারা স্রোতে গা ভাসিয়ে দেয়, প্রতিকূলতা মোকাবেলা করতে পারে না তারা দেশ ও জাতিকে কিছু দিতে পারে না।" নির্বাচিত হলে বাংলাদেশকে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল করার অঙ্গীকার করে হাসিনা বলেন, "আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ থাকুক তা আমরা চাই না।" যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/এসএনডি/এমএসবি/১৯৩৭ ঘ.