২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী, মুজাহিদসহ ৩৬ জনকে নির্বাচন-অযোগ্য ঘোষণা চেয়ে মামলা

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানসহ ৩৬ জনকে যুদ্ধাপরাধী এবং নির্বাচনের অযোগ্য ঘোষণার আদেশ চেয়ে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানসহ ৩৬ জনকে যুদ্ধাপরাধী এবং নির্বাচনের অযোগ্য ঘোষণার আদেশ চেয়ে একটি মামলা হয়েছে। ঢাকা জেলা জজ আদালতের তিন আইনজীবীর দায়ের করা এ মামলায়, আসামিরা যাতে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে না পারে সে জন্য আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। ঢাকা জেলা জজ আদালতে বৃহস্পতিবার দুপুরে মামলাটি দায়ের করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ লিটন মিয়া, মো. সাফায়াৎ হোসেন সজিব ও শিক্ষানবীশ আইনজীবী রাজিব আহমদ। রোববার আদালত বিষয়টির ওপর শুনানির তারিখ দিয়েছেন বলে তিন আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। মামলার অন্য যাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার আবেদন জানানো হয়েছে, তার মধ্যে জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতা দেলোয়ার হোসেন সাইদী ও মাওলানা একেম ইউসুফের নামও রয়েছে। ৩৬ জনের তালিকায় পূর্ব পাকিস্তান গণপরিষদের স্পিকার ফজলুল কাদের চৌধুরীসহ মৃত বেশ কয়েকজনের নামও রয়েছে। এ বিষয়ে বাদিদের আইনজীবী খন্দকার মহিবুল হাসান আপেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মারা যাওয়া ব্যক্তিদের নাম বাদ দেওয়ার জন্য আমরা সংশোধনী দরখাস্ত দেবেন।" মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। জামায়াতের বেশ কয়েকজন নেতাকে 'যুদ্ধাপরাধী' উল্লেখ করে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য অনেক রাজনৈতিক দল ও সংগঠন দাবি জানিয়ে আসছে। 'যুদ্ধাপরাধী' অভিযুক্ত করে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিবন্ধন না দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশনে (ইসি) আপত্তিও জানায়। তবে শেষ পর্যন্ত ইসি জামায়াতকে নিবন্ধন দিয়েছে। এদিকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম চলতি মাসের শুরুতে গোলাম আযম, নিজামী, মুজাহিদ, কামারুজ্জামানসহ ৫০ জন 'শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীর' একটি তালিকা প্রকাশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমআই/১৭৪৯ ঘ.