ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নেত্রীর বৈঠকের উদ্যোগকে 'ইতিবাচক' মন্তব্য করে ওই উদ্যোগের সফলতা আশা করছেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন।
দেড় বছরের বেশি সময় কারাবাসের পর গত ১১ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।
দুই নেত্রীর বৈঠকের বিষয়ে যে আলোচনা চলছে- সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মোশাররফ বলেন, "দুই নেত্রীর মধ্যে বৈঠকের প্রস্তাবটি ইতিবাচক উদ্যোগ। আমি আশা করছি, তা বাস্তবায়িত হবে।"
দুই সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান দুটি রাজনৈতিক দলের শীর্ষ নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা 'দেশের স্বার্থে' এক সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি আছেন বলে বুধবার স্ব স্ব দলের নেতারা সাংবাদিকদের জানান।
ওই সম্মতি জানার পর উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বৃহস্পতিবার বলেন, সম্ভাব্য ওই বৈঠকের উদ্যোগ নিতে সরকারও প্রস্তুত।
ড. মোশাররফ তার মুক্তির জন্য প্রার্থনা করায় দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, "খালেদা জিয়ার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিসহ চার দলকে বিজয়ী করতে জাতীয়তাবাদী ও ইসলামী সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।"
ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বিএনপির সহসভাপতি ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীও জিয়ার কবরে ফুল দেন। আলতাফ চৌধুরীও ১১ নভেম্বর মুক্তি পান।
ওই সময়ে তাদের সঙ্গে ছিলেন আসম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মোহাম্মদ শাহজাহান, বরকতউল্লাহ বুলু, রিজভী আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭১৫ ঘ.
bdnews24