২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে আলোচনায় হাসিনা প্রস্তত: আশরাফ

খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসতে শেখ হাসিনা প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার সুধাসদনে সৈয়দ আশরাফ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 07:28 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসতে শেখ হাসিনা প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার সুধাসদনে সৈয়দ আশরাফ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শেখ হাসিনা আলোচনায় বসবেন কিনা- এ প্রশ্নে তিনি বলেন, "আলোচনার জন্য আমাদের নেত্রী (হাসিনা) প্রস্তুত। তবে, আলোচনা হতে হবে এজেন্ডাভিত্তিক।" "শুধু চা খাওয়ার জন্য নয়, আলোচনা হতে হবে আলোচনার জন্য।" ইতালি, নেদারল্যান্ডস এবং সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর বৈঠকের পর সৈয়দ আশরাফ একথা বলেন। খালেদা-হাসিনাকে একত্রে বসানোর বিষয়টি কয়েকমাস আগে আলোচনায় তোলে সরকার। ওই সময় দুই নেত্রীর আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকও একই কথা বলেন। খালেদা জিয়া মুক্তির পরপরই গত ১১ সেপ্টেম্বর উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক সঙ্কট নিরসনে এবং রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনতে দেশের দুই শীর্ষ নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেওয়া হবে। আমরা আশা করব, তারা এতে শুধু আগ্রহীই নন, উদ্যোগীও হবেন।" এর পর এ উদ্যোগ সফল করতে ব্যারিস্টার রফিকের দ্বারস্ত হয় সরকার। ব্যারিস্টার রফিক শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে বলেন, আওয়ামী লীগ সভানেত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। খালেদার সঙ্গে বৈঠকের পর হোসেন জিল্লুরও বলেন, বিএনপি চেয়ারপারসনের মনোভাব ইতিবাচক। তবে ওই সময়ে শেখ হাসিনা দেশে না থাকলেও আওয়ামী লীগ নেতারা বৈঠকের বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখান। হাসিনার সঙ্গে বুধবার সুধাসদনে দেড় ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন ইতালির রাষ্ট্রদূত মারিয়া মার্তা ওচ্চি, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বিয়া টিন টাশের ও সুইডিশ রাষ্ট্রদূত ব্রিট এফ হ্যাগস্ট্রম। ৬ নভেম্বর দেশে ফেরার পর গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বেশ কয়েকটি ইসলামী দেশের রাষ্ট্রদূত হাসিনার সঙ্গে দেখা করেন। হাসিনার সঙ্গে বৈঠকের পর সুইডিশ দূত হ্যাগস্ট্রম সাংবাদিকদের বলেন, "আমরা আশা করি, ঘোষিত সময়েই সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনের পর সংসদকে কার্যকর করতে সবার সহাবস্থান থাকা উচিত।" যে কোনও সমস্যা সমাধানে দুই নেত্রীসহ সবার আলোচনায় বসার ওপরও জোর দেন কূটনীতিকরা। সৈয়দ আশরাফ বলেন, "১৮ ডিসেম্বর নির্বাচন হতে হবে। দেশের ভবিষ্যতের জন্যই ঘোষিত তারিখে নির্বাচন হওয়া দরকার।" তিনি বলেন, "আমরা সরকারকে বলেছি, সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। তবে, নির্বাচনের তারিখ ১৮ ডিসেম্বর থেকে পেছালে জাতি তা মানবে না।" আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু করলেও তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এখনও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়নি। বিএনপি বলছে, তাদের সাত দফা দাবি মানলেও তারা নির্বাচনে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩২০ ঘ.