ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন চায় নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার ইসি সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে এক সভায় কমিশন তাদের এ চাওয়ার কথা জানায়।
সভা শেষে ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, "নির্বাচনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা ১২ ডিসেম্বর থেকে সেনা মোতায়েনের কথা বলেছি।"
ইসি কতদিন পর্যন্ত সেনাবাহিনীর উপস্থিতি চায়- জানতে চাইলে সচিব বলেন, "আমরা চাইব, উপজেলা নির্বাচনের পরে আরও কমপক্ষে তিন দিন সেনাবাহিনী থাকুক।"
কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর সংসদ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচন হওয়ার কথা।
ইসি সচিব বলেন, "সাধারণত প্রতিবার নির্বাচনের আগে-পরে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এক্ষেত্রে সরকারই সিদ্ধান্ত নেবে।"
হুমায়ুন কবির জানান, সেনাসদস্যরা নির্বাচনের সময়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। ভোট কেন্দ্রের ভেতরে বা ভোটকক্ষে তাদের অবস্থান থাকবে না।
এবারের নির্বাচনে বিভিন্ন বাহিনীর কতজন সদস্য প্রয়োজন হবে- জানতে চাইলে ইসি সচিব বলেন, "এটা কিছু দিন পর নির্ধারণ করা হবে।"
নির্বাচনের দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ চাওয়া হবে বলে তিনি জানান।
বৈঠকে ইসির প্রস্তাবনায় বলা হয়, ১২ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সময় সামরিক বাহিনী, বিডিআর, র্যাব, আর্মড পুলিশ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবে। প্রতিটি থানায় ২ থেকে ৪ প্লাটুন সেনাদল স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। নির্বাচনের দুদিন আগে ও দুইদিন পরে শুধুমাত্র 'শো অফ ফোর্স' হিসাবে নির্বাচনী এলাকাগুলোতে টহল দেবে তারা। ভোটকেন্দ্রের ভেতরে কিংবা ভোটকক্ষে কোনো দায়িত্ব তারা পালন করবে না।
পুলিশ বাহিনী ভোটকেন্দ্রের ভেতরে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করবে। এছাড়া ভোটারদের জন্য আস্থার পরিবেশ সৃষ্টি করবে।
এছাড়া আনসার ও ভিডিপি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করবে।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ইসি সচিবালয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে। প্রতিটি নিয়ন্ত্রণ কক্ষে বিডিআর, র্যাব, পুলিশ, আর্মড পুলিশ, আনসার ভিডিপি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও গোয়েন্দাসংস্থার একজন করে প্রতিনিধি থাকবেন।
ইসি সচিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাসময়ে পরিপত্র জারি করে বিস্তারিত নির্দেশনা দেবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব (নির্বাচন) ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অষ্টম সংসদ নির্বাচনে (১ অক্টোবর ২০০১) সমতল এলাকার ভোটকেন্দ্রে ৪ দিনের জন্য, দুর্গম এলাকায় ৫ দিনের জন্য পুলিশ ও আনসার মোতায়েন ছিল। ব্যাটালিয়ন আনসার ৮ দিনের জন্য বিডিআর, কোস্টগার্ড ১৫ দিনের জন্য এবং সশস্ত্রবাহিনী ১৫ দিনের জন্য (২২ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত দায়িত্বে ছিল।
অষ্টম জাতীয় সংসদে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে বরাদ্দ দেওয়া হয়েছিল ৪১ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৩১ টাকা।
আর ২০০৭ সালের (বাতিলকৃত) ২২ জানুয়ারির নির্বাচনের আগে ১০ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সময় আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর ৫৫ হাজার সদস্য, ৭২ হাজার পুলিশ সদস্য, বিডিআর ১২ হাজার ও ৯শ' কোস্ট গার্ড সদস্য নিয়োজিত থাকার কথা ছিল। কিন্তু পরে নির্বাচন স্থগিত করা হয়।
বুধবারের এ সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন অংশ নেন।
স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী আবিদুস সামাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মকসুনুল হাকিম চৌধুরী, পুলিশ মহাপরির্দশক নূর মোহাম্মদ, আনসার ও ভিডিপির মহাপরিচালক এ টি এম আমিন, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ডিজিএফআই-এর শেখ মামুন খালেদ, এনএসআই-এর এম শামস খানসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/জেকে/১৯২৫ ঘ.
bdnews24