ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের সাঁটানো বহুরঙা পোস্টার তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণামূলক ও রাজনৈতিক স্লোগানসহ পোস্টার সাঁটানো হয়েছে। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।"
নির্বাচনী আইনে প্রার্থী ও রাজনৈতিক দলের বহুরঙা পোস্টার নিষিদ্ধ করা হয়েছে।
ইসি সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ জানান, মহানগরীর বিভিন্ন স্থানে দেয়ালে সাঁটানো রঙিন পোস্টার অপসারণের কার্যক্রম গ্রহণের জন্য পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে তাদের অনুরোধ করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর সংসদ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচন হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমআই/১০৫৪ ঘ.
bdnews24