২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে তিন ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বিয়া এম টেন টুশ্যার , সুইডেনের রাষ্ট্রদূত বিট এফ হাগস্ট্রম ও ইতালির রাষ্ট্রদূত ইতালা ওক্কি ও মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বিয়া এম টেন টুশ্যার , সুইডেনের রাষ্ট্রদূত বিট এফ হাগস্ট্রম ও ইতালির রাষ্ট্রদূত ইতালা ওক্কি ও মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শেষে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত টুশ্যার সাংবাদিকদের বলেন, "বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী করা ও কার্যকর সংসদ পরিচালনার বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। এছাড়া সংসদীয় কমিটিগুলো আরও শক্তিশালী করার উপায় এবং সরকার ও বিরোধী দলের সক্রিয় ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।" এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রত্যাশা করছি। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার মাধ্যমে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে বলেও আমরা মনে করি। আমরা মনে করি, রাজনৈতিক দলগুলোর একসঙ্গে কাজ করার এখনই সময়। এজন্য প্রধান দুই নেত্রীকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।" বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন বিষয়ে তাদের ধারণাগুলো তারা খালেদা জিয়াকে অবহিত করেছেন বলেও জানান ডাচ দূত। বৈঠক প্রসঙ্গে এতে উপস্থিত থাকা বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিবিড় সম্পর্ক থাকায় রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়সহ নানা বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন রাষ্ট্রদূতরা। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/টিএইচ/এসকে/২১৩৭ঘ.