ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে ২৬ নভেম্বর পর্যন্ত মিছিল-সমাবেশ করা জরুরি বিধিমালার লঙ্ঘন জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সভায় এ নির্দেশ দেওয়া হয়।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে প্রচারণার সুযোগ নেই।
সভায় আগামী ২০ নভেম্বর থেকে সব বৈধ অস্ত্র জমা নিয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত তা থানায় জমা রাখার সিদ্ধান্ত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন।
সভা শেষে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম সভার সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান।
তিনি বলেন, "জরুরি ক্ষমতা বিধিমালার সর্বশেষ সংশোধনী অনুযায়ী, নির্বাচনের ভোটগ্রহণের ২১ দিন আগে পর্যন্ত প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ এবং মিছিল-মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে সংসদ নির্বাচনের তারিখ ১৮ ডিসেম্বরের তিন সপ্তাহ আগে অর্থাৎ ২৭ নভেম্বর থেকে প্রচার চালানো যাবে।"
সচিব বলেন, "এর আগে যেসব সভা-সমাবেশ হচ্ছে, তা জরুরি ক্ষমতা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।"
গত ২ নভেম্বর সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন জরুরি বিধিমালা-২০০৭ এর ৫ ও ৬ ধারা বিলুপ্ত করে সরকার। এর মধ্য দিয়ে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়।
নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবারের সভায় সন্ত্রাসীদের তৎপরতা বন্ধ করতে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার এবং বৈধ আগ্নেয়াস্ত্র জমা নেওয়ার সিদ্ধান্ত হয়।
স্বরাষ্ট্র সচিব বলেন, "যে কোনও নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বৈধ আগ্নেয়াস্ত্র জমা নেওয়ার বিধান রয়েছে। সে বিধান অনুযায়ী, আগামী ২০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র জমা নেওয়া হবে।"
আব্দুল করিম জানান, বৈধ অস্ত্রের মালিকরা নিজ নিজ থানায় অস্ত্রগুলো জমা দেবেন। এ সব অস্ত্র আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জমা থাকবে।
তিনি বলেন, "জমা নেওয়ার পর ৫ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ছাড়া শুধু ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাকর্মীরা প্রয়োজন অনুযায়ী অস্ত্র বহন করতে পারবে।"
নির্বাচনের এই সময়ে ব্যক্তিগত পর্যায়ে কোনও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে না জানিয়ে সচিব বলেন, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।"
আব্দুল করিম জানান, আগের নির্বাচনের মতো এবারও নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে এ নিয়ে বৈঠক হবে।
দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র সচিব বলেন, "গত মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো ছিল। নির্বাচনকে কেন্দ্র করে এর অবনতির কোনও আশঙ্কা দেখছি না।"
আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ওই সভায় আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24