ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় বিএনপি নেতা এম সাইফুর রহমান, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও 'সাত দফা' বাস্তবায়নের দাবিতে ১২ নভেম্বর দেশব্যাপী সমাবেশ কর্মসূচি পালন করবে চার দলীয় জোট।
এছাড়া নিজামী ও মুজাহিদের মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আলাদাভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
সোমবার রাতে চার দলের বৈঠক শেষে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "সাত দফা মেনে নেওয়া হলেই আমরা নির্বাচনে যাব। তা না হলে আমাদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না।"
চার দলকে 'বাইরে রেখে' নির্বাচনের ষড়যন্ত্র জনগণ কোনোভাবেই মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে চারদলীয় নেত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠক হয়। কয়লাখনি মামলায় তিন নেতাকে কারাগারে পাঠানোর নিন্দা জানানো হয় বৈঠকে।
দেলোয়ার অভিযোগ করেন, "জরুরি বিধিমালার কারণে আদালত সুষ্ঠু বিচার কার্যক্রম চালাতে পারছে না। বিচারকরা ন্যায়বিচার করতে বাধার সম্মুখীন হচ্ছেন।"
এদিকে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান।
কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার থেকে তিন দিন সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ১৪ নভেম্বর দোয়া এবং ১৬ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় ও জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান।
কামারুজ্জামান বলেন, "সরকার একটি দলের প্রতি সহানুভূতি এবং চারদলের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। এটা এখন পরিষ্কার, সরকার ওই দলটিকে ক্ষমতায় বসাতে চায়।"
চারদল যাতে নির্বাচন করতে না পারে, সেজন্য এসব 'ষড়যন্ত্র' করা হচ্ছে মন্তব্য করে কামারুজ্জামান বলেন, হাইকোর্টে 'কোয়াশমেন্ট' আবেদন থাকার পরও চারদলের শীর্ষ নেতাদের জামিন বিবেচনা করা হয়নি।
তিনি বলেন, "আমাদের সঙ্গে আলোচনায় সরকার সাত দফার মধ্যে ছয়টির ব্যাপারে একমত হওয়ার ঘোষণা দেয়। কিন্তু বাস্তবে এর কোনো প্রতিফলন দেখিনি। শীর্ষ নেতাদের জামিন না দিয়ে সরকার আমাদের সাত দফার সঙ্গে আরও এক দফা যোগ করল।"
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, আবদুল কাদের মোল্লা, মজিবুর রহমান, দেলাওয়ার হোসাইন সাঈদী, অধ্যাপক তাসনীম আলম, রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআরএফ/জেকে/২৩৩০ ঘ.
bdnews24