ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি দলীয় সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টু সোমবার দুপুরে নাসির আহমেদ নামে এক ডেপুটি জেলারকে ঘুষি এবং থাপ্পড় দিয়েছেন।
এই ঘটনায় কারা কর্তৃপক্ষ সন্ধ্যায় শাহবাগ থানায় মামলা করেছে।
গত ৪ ও ৫ নভেম্বরই নাসির উদ্দিন পিন্টুকে দৃশ্যত গুরুতর অসুস্থ অবস্থায় স্ট্রেচারে শুয়ে মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে আদালতে হাজির করানো হয়।
কারাগারের উপ মহা পরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় হাজিরার প্রয়োজনে দুপুরে দেড়টার দিকে দুই ডেপুটি জেলার নাসির আহমেদ ও মাসুদুর রহমান পিন্টুকে আদালতে নেওয়ার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে তার কক্ষে যান।
পিন্টু প্রথমে যেতে অস্বীকার করেন। পরে দুপুরের পর যেতে রাজি হন। সামসুল হায়দার ছিদ্দিকী জানান, এর পরিপ্রেক্ষিতে দুই ডেপুটি জেলার এবং একজন কারারক্ষী তাকে আনতে কক্ষে গেলে পিন্টু উত্তেজিত হয়ে ডেপুটি জেলার নাসির আহমেদকে ঘুঁষি ও চড় মারেন। এই ডেপুটি জেলারই তার বিরুদ্ধে পত্রিকাসহ বিভিন্নস্থানে খবর সরবরাহ করছেন বলে অভিযোগ করে তার ওপর চড়াও হন পিন্টু ।
অন্য দুইজন এগিয়ে গেলে ঘটনা সেখানেই শেষ হয়। পরে তিনজনই পিন্টুর কক্ষ থেকে চলে আসেন। পরে একপ্রকার জোর করে তাকে আদালতে নেওয়া হয়।
ঘটনার পরপরই উর্ধ্বতন কারা কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেন।
উপ মহা পরিদর্শক জানান, এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে রাতে পিন্টুকে কারাগারে নেওয়া হয়।
শাহবাগ থানার সহকারি উপপরিদর্শক ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে ডেপুটি জেলার নাসির আহমেদ বাদি হয়ে একটি মামলা করেছেন। মামলায় সরকারি কাজে বাধাদান এবং সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ আনা হয়েছে।
রুক্ষ্ম আচরণের জন্য বিভিন্ন সময় সমালোচিত নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে গত বছর ১৭ ফেব্র"য়ারি গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আক্রান্ত দেখিয়ে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসা নিতে আসেন ওই বছরের ১১ এপ্রিল। টানা ৫ মাস থাকার পর ১১ সেপ্টেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এরপর আরও দুই দফায় কয়েকমাস তিনি হাসপাতালে কাটান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১২৯ঘ.
bdnews24