ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি ও অপশাসনের কারণে জনপ্রিয়তা হারিয়ে বিএনপি এখন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সোমবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় মতিয়া চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, "দুর্নীতি ও অপশাসনের জন্য জনপ্রিয়তা হারিয়ে বিএনপি এখন নির্বাচনে আসতে ভয় পাচ্ছে। বিএনপি এখন সময় নিতে চাচ্ছে তাদের শরীরে লেগে থাকা কালি মোছার জন্য। কিন্তু, জনগণ এই ষড়যন্ত্র প্রতিহত করবে।"
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর নানক। ৫টি মামলার আসামি নানক প্রায় ১৯ মাস আত্মগোপন করে থাকার পর সোমবার প্রথম প্রকাশ্য কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিলেন। সবকয়টি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে।
আগামীকাল মঙ্গলবার যুব লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর যুবলীগ কর্মীরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধা সদনে দেখা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/২০৫৯ঘ.
bdnews24