২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় আমান ও মুফতি শহীদুলের জামিন

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও সাবেক সাংসদ মুফতি শহীদুল ইসলামকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ সোমবার তাদের জামিন দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 02:21 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও সাবেক সাংসদ মুফতি শহীদুল ইসলামকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ সোমবার তাদের জামিন দেয়। অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় গত ২১ জুন নিম্ন আদালত আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ৬ মার্চ আমানের বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি দায়ের করে। তার পক্ষে সোমবার হাইকোর্টে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। হাইকোর্টের একই বেঞ্চ মুফতি শহীদুল ইসলামকে অবৈধ সম্পদ অর্জনের আরেক মামলায় তিন মাসের জামিন মঞ্জুর করে। নিম্ন আদালতে এ মামলায় ১০ বছরের কারাদণ্ড পান মুফতি শহীদুল। এদিকে, বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফারাহত মাহবুবের বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী বাহাউদ্দিন নাসিম ও আলাউদ্দিন নাসিমকে আইনগত প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে। তাদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম, ব্যারিস্টার শফিক আহমেদ ও অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন। এ মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের জন্য দুদকের করা আবেদন নাকচ করে দিয়েছেন তিনি। এ দু'জনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। আপিল বিভাগের চেম্বার বিচারপতি একটি ফৌজদারি মামলায় বরিশালের সাবেক মেয়র মুজিবর রহমান সারোয়ারের জামিনও বহাল রেখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/জেকে/২০০০ ঘ.