২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির কার্যক্রমে সন্দেহ হচ্ছে: আশরাফ

নির্বাচন নিয়ে এতদিন সংশয় না থাকলেও নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম সন্দেহের দৃষ্টিতে দেখছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 09:33 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন নিয়ে এতদিন সংশয় না থাকলেও নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম সন্দেহের দৃষ্টিতে দেখছে আওয়ামী লীগ। দলের মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে আমাদের মনে এখন সন্দেহের সৃষ্টি হচ্ছে।" "নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ীই আমরা সব কিছু করছিলাম। তারাই আবার মনোনয়নপত্র দাখিলের তারিখ পেছালো। আবার শুনছি, তারিখও (ভোট গ্রহণের) পেছাতে পারে।" নির্বাচন নিয়ে কোনও সংশয় দেখছেন কিনা- সুধাসদনে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ নেতা একথা বলেন। ১৮ ডিসেম্বর সংসদ এবং ১৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করে গত ২ নভেম্বর দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তবে ভোটগ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে রোববার তফসিলে পরিবর্তন আনা হয়েছে। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এক সপ্তাহ পিছিয়ে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। সৈয়দ আশরাফ বলেন, "আমি আবারও বলছি, ১৮ ডিসেম্বর নির্বাচন না হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।" ভয়াবহ অবস্থা বলতে কী বোঝাচ্ছেন- জানতে চাওয়া হলে তিনি বলেন, "ডিসেম্বরে নির্বাচন না হলে এই সরকারের ম্যান্ডেট শেষ হবে। তারপর, কোন সরকার আসবে?" আওয়ামী লীগ ইতোমধ্যে নির্বাচনের কাজ শুরু করেছে। ১৫ নভেম্বরের মধ্যে ৩০০ আসনে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করবে বলে জানিয়েছে তারা। তবে মহাজোট গড়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী আওয়ামী লীগ পরে শরিকদের সঙ্গে আলোচনা করে জোটের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবে বলে সৈয়দ আশরাফ রোববার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/জিএনএ/১৫৩২ ঘ.