২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনকে তিনটি আসনে প্রার্থী চায় চট্টগ্রামের নেতারা

চট্টগ্রাম মহানগর এলাকার চারটি সংসদীয় আসনে প্রার্থী বাছাই করেছে আওয়ামী লীগের স্থানীয় নেতারা। চার আসনের তিনটিতেই মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে মনোনীত করা হয়েছে। তবে কোনও আসনেই এককভাবে কারও নাম সুপারিশ করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 06:56 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর এলাকার চারটি সংসদীয় আসনে প্রার্থী বাছাই করেছে আওয়ামী লীগের স্থানীয় নেতারা। চার আসনের তিনটিতেই মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে মনোনীত করা হয়েছে। তবে কোনও আসনেই এককভাবে কারও নাম সুপারিশ করা হয়নি। রোববার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় গোপন ভোটের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করা হয়। রাত সাড়ে ১১টায় মহানগর কমিটির সভাপতি মহিউদ্দিন চৌধুরী সুপারিশ করা প্রার্থীদের নাম ঘোষণা করেন। মেয়র মহিউদ্দিনকে তৃণমূল পর্যায়ের নেতারা ১ নম্বর প্রার্থী হিসেবে তিনটি আসনে মনোনীত করেছেন। চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে মনোনীত প্রার্থীরা হলেন- আবদুস ছালাম, নূরুল ইসলাম বিএসসি, এসএম আবুল কালাম, আলহাজ্ব নূরুল ইসলাম। চট্টগ্রাম-৮ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে মহিউদ্দিন চৌধুরী, এমএ মান্নান, কাজী ইনামুল হক দানু, নূরুল ইসলাম বিএসসি ও শামসুল আলম। চট্টগ্রাম-৯ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে মহিউদ্দিন চৌধুরী, ডা. আফসারুল আমীন, খোরশেদ আলম সুজন, রেহানা বেগম রানু। চট্টগ্রাম-১০ (বন্দর-পতেঙ্গা) আসনে মহিউদ্দিন চৌধুরী, ডা. আফসারুল আমীন, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু ও রেখা আলম চৌধুরী। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তৃণমূল পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা কেন্দ্রে পাঠানো হচ্ছে। এ তালিকা থেকে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড এক জনকে চূড়ান্ত করবে।" আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত রয়েছে। ২০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। আওয়ামী লীগ ১৫ নভেম্বরের মধ্যে ৩০০ আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলে জানিয়েছে। তবে মহাজোট গড়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী আওয়ামী লীগ পরে শরিকদের সঙ্গে আলোচনা করে জোটের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবে বলে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম রোববার জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৫৫ ঘ.