২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালুর রিপোর্ট: আদালতে লিখিত বক্তব্য দিলেন দশ চিকিৎসক

বিএনপির সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুর মেডিক্যাল বোর্ড নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের রেজিস্ট্রারের নেতৃত্বে দশ চিকিৎসক সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুর মেডিক্যাল বোর্ড নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের রেজিস্ট্রারের নেতৃত্বে দশ চিকিৎসক সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। রোববার তারা আদালতে এসে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে তাদের লিখিত বক্তব্য জমা দেন। পরে চিকিৎসকরা সাংবাদিকদের বলেন, মেডিক্যাল বোর্ড নিয়ে কোন অনিয়ম হয়নি। বিভিন্ন সময় তারা রোগী ফালুকে দেখেছেন বলে আদালতকে জানিয়েছেন। অধ্যক্ষ প্রাণগোপাল দত্তসহ দু'জন চিকিৎসকের সঙ্গে বোর্ডের কোন সংশ্লিষ্টতা নেই বলেও তারা দাবি করেন। ফালুর 'মিথ্যা' মেডিক্যাল সনদ স্বাক্ষর করার অভিযোগে গত ৬ নভেম্বর সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধু মেডিক্যাল হাসপাতালের ১১ ডাক্তার ও রেজিস্ট্রারকে তলব করেছিল। এই ১১ ডাক্তারের মধ্যে দুজন তাদের লিখিত জবাবে বলেছেন, তারা মেডিক্যাল সনদে স্বাক্ষর করেননি। অপর ৯ জন বলেছেন কোন বোর্ড গঠনের ভিত্তিতে নয়, তারা ফালুকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করে ব্যক্তিগতভাবে সনদ দিয়েছেন। যে দুজন মেডিক্যাল সনদে স্বাক্ষর করেননি তারা হলেন অধ্যাপক মো. আলাউদ্দিন ও অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। অপর চিকিৎসকরা হলেন, অধ্যাপক সিরাজউদ্দিন আহম্মেদ, অধ্যাপক এ কে এম ফজলুল হক, অধ্যাপক এ কে এম আনিসুল হক, অধ্যাপক এ কে এম আনোয়ার উল্লাহ, ডা. এ বি এম আবদুল্লাহ, ডা. এম ইদ্রিস আলি, ডা. মো. জোনায়েদ শফিক, ডা. চৌধুরী মেশকাত আহমেদ ও রেজিস্ট্রার মো. আবদুল গফুর। অধ্যাপক এ কে এম ফজলুল হক লিখিত জবাব দাখিলের পর সাংবাদিকদের বলেন, "সবই সঠিক। ফালু যখন হাসপাতালে এসেছিলেন তখন মেডিক্যাল বোর্ড গঠিত হয়। তিনি ১২ জানুয়ারি হাসপাতালে এসেছিলেন। ২৩ মার্চ হাসপাতাল ছাড়েন।" ফজলুল হক আরও বলেন, "এরপরও কারা কর্তৃপক্ষ ফালুকে বিভিন্ন সময় হাসপাতালে নিয়ে এলে বহির্বিভাগে ডাক্তাররা তাকে দেখেছিলেন। ওই বহির্বিভাগের মেডিক্যাল সনদ আদালতে উপস্থাপন করা হয়েছিল। কোন জালিয়াতি হয়নি। জালিয়াতির প্রশ্নই উঠেনা।" পরে আলাদা আলাদা করে সনদ দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে জানেনা বলে দাবি করেন ফজলুল হক। অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ বলেন, ফালুর পরের মেডিক্যাল রিপোর্টগুলো ফলোআপ রিপোর্ট। এগুলোকে মেডিক্যাল বোর্ডের রিপোর্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে করে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আর ডা. ইদ্রিস আলি বলেন, "ফালুর মেডিক্যাল রিপোর্ট ভূয়া নয়। এগুলো মেডিক্যাল রিপোর্ট, মেডিক্যাল বোর্ডের রিপোর্ট নয়। আইনজীবীরা ভুলক্রমে একে মেডিক্যাল বোর্ডের রিপোর্ট বলে উপস্থাপন করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯৪৯ঘ.