২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচন করবেন মেয়র মহিউদ্দিন

চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে রোববার দেশে ফিরেই আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে রোববার দেশে ফিরেই আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে রোববার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, "নির্বাচিত মেয়র হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। তাই দলের নেতাকর্মীরা যে আসন থেকে নির্বাচন করতে বলবেন সেখান থেকেই নির্বাচনে অংশ নেব।" সিটি মেয়রকে নগরীর তিনটি আসনে মনোনয়নের জন্য এরই মধ্যে দলের বাছাই ফরম সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, "জনগণ চাইলে তিনটি আসনেই আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।" ব্যাংককের পিয়াথাই হাসপাতালে দশ দিন চিকিৎসা নিয়ে মহিউদ্দিন চৌধুরী রোববার বিমানে চট্টগ্রাম আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান। সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী এবং দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সিটি কর্পোরেশন তিনিই পরিচালনা করবেন। তাকে কাজে বাধা দেওয়া অযৌক্তিক। এরপর বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন মেয়র মহিউদ্দিন। সেখানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, "একাত্তরে বাঙালি জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছে, সেভাবে ঐক্যবদ্ধ হয়ে এবারের নির্বাচনে বিজয়ী হতে হবে।" বর্ধিত সভায় নগরীর চারটি সংসদীয় আসনের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা গোপন ভোটের মাধ্যমে তাদের প্রার্থী নির্ধারণ করবেন। রোববার গভীর রাতে ভোট হওয়ার কথা রয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, নুরুল ইসলাম বিএসসি, আওয়ামী লীগ নেতা ডা. আফসারুল আমীন, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল প্রমুখ। শিরদাঁড়ার সমস্যাসহ বিভিন্ন অসুখের চিকিৎসার জন্য গত ২৯ অক্টোবর ব্যাংকক যান মেয়র মহিউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএনডি/এসকে/১৯৫০ঘ.