ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথক মামলায় যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফম বাহাউদ্দিন নাছিম এবং ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্টের দুটি বেঞ্চ এ নির্দেশ দেয়।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চ অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি মামলায় জাহাঙ্গীর কবির নানককে তিন সপ্তাহ গ্রেপ্তার বা হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়।
মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না- এক সপ্তাহের মধ্যে তার কারণ জানাতেও সরকার ও দুর্নীতি দমন কমিশনকে বলেছে আদালত।
নানকের বিরুদ্ধে গত ৩০ মার্চ মামলাটি দায়ের করা হয়। ৩০ জুলাই অভিযোগপত্র দেওয়া হয়।
এদিকে বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ চারটি মামলায় আগামী ১০ সপ্তাহের মধ্যে নানককে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে রোববার নির্দেশ দিয়েছে।
আদালত এই সময় পর্যন্ত তাকে এ সব মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশও দেয়।
২০০৬ সালে সচিবালয় ঘেরাও, হরতালে ভাংচুর, গাড়ি পোড়ানো এবং ২০০৪ সালে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা পাল্টা মামলায় জামিন চেয়ে নানক আবেদন করলে আদালত এ আদেশ দেয়।
২০০৪ সালে বরিশাল যাওয়ার পথে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। ওই ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মামলা করে।
বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ একই অভিযোগের মামলায় বাহাউদ্দিন নাছিমকেও ১০ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে ওই সময়ে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে আদেশ দেয়।
সচিবালয় ঘেরাও এবং শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় লিয়াকত সিকদারকেও ১০ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয় ওই হাইকোর্ট বেঞ্চ। তাকেও ওই সময় পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেওয়া হয়।
নানক, নাছিম ও লিয়াকতের পক্ষে হাইকোর্টে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৯০৮ ঘ.
bdnews24