২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পেছানো মানবে না আওয়ামী লীগ

ঘোষিত তারিখেই জাতীয় সংসদ নির্বাচন দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, "১৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ পেছানো আমরা মেনে নেব না। তারিখ পেছানো আমরা চাই না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 05:18 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত তারিখেই জাতীয় সংসদ নির্বাচন দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, "১৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ পেছানো আমরা মেনে নেব না। তারিখ পেছানো আমরা চাই না।" ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে শনিবার রাতে কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে সৈয়দ আশরাফ এ কথা বলেন। শনিবার বিকেল ৫টায় বৈঠকটি শুরু হয়ে রাত পৌনে ৮টায় শেষ হয়। বৈঠকের মাঝখানে শেখ হাসিনা সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী সৈয়দ আশরাফুল ইসলাম এখন থেকে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। কার্যনির্বাহী সংসদের বৈঠকটি গত মঙ্গলবার শুরু হওয়ার পর শুক্রবার পর্যন্ত মূলতবী করা হয়। এরপর দ্বিতীয দিনের বৈঠক থেকে শনিবার পর্যন্ত সেটি মূলতবী করা হয়েছিল। আগের দু'দিনের বৈঠকে আব্দুল জলিল উপস্থিত না থাকলেও শনিবার তিনি উপস্থিত ছিলেন। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, "সৈয়দ আশরাফুল ইসলাম দলের মুখপাত্র হিসেবে কাজ করবেন। ওতো এতদিন সাধারণ সম্পাদকের কাজ করে এলো। আজকে একটি শূন্য স্থান পূরণ হল।" বৈঠক শেষে সিদ্ধান্তগুলো জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড পুনর্গঠন এবং নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। দলের সর্বশেষ সম্মেলনের পর যারা মনোনয়ন বোর্ডে ছিলেন তাদের সঙ্গে নতুন সদস্য হিসাবে শুধু তার নাম যুক্ত করা হয়েছে। ২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনের আগে শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরউল্যাহ, মহিউদ্দিন খান আলমগীর, ওবায়দুল কাদের ও অধ্যাপক আলাউদ্দিন আহমদ মনোনয়ন বোর্ডে ছিলেন। কার্যনির্বাহী সংসদের বৈঠকে শেখ হাসিনাকে চেয়ারম্যান করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি করা হয়। এ কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমাম এবং সদস্য সচিব থাকবেন সৈয়দ আশরাফুল ইসলাম। কমিটির সদস্য হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। আশরাফ বলেন, "তৃণমূল থেকে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বাছাই অনেকেই শেষ করেছে। প্রথমবার বলে এ প্রক্রিয়ায় কিছুটা অসুবিধা হচ্ছে। তবে সমস্যার মধ্যে দিয়েই আমরা শিখব। আমরাই প্রথমবারের মতো তৃণমূল পর্যায় থেকে প্রার্থী বাছাই শুরু করেছি।" কার্যনির্বাহী সংসদের বৈঠকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি নেতাদের মুক্তি দাবি করা হয়। সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে আশরাফ বলেন, "জাতীয় ও উপজেলা নির্বাচন একসঙ্গে হলে দু'টি নির্বাচনই বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।" ২২ জানুয়ারির বাতিল নির্বাচন নিয়ে লালদিঘীর ময়দানে খালেদা জিয়ার বক্তব্য সম্পর্কে আওয়ামী লীগ মুখপাত্র বলেন, "তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদ নির্দলীয় ও নিরপেক্ষ ছিলেন না। তখনকার প্রধান নির্বাচন কমিশনার গত কয়েকদিনের মধ্যে দু'বার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। উনি বিএনপি'র মনোনয়ন চান। সে সময় দেড় কোটি ভুয়া ভোটার ছিল। এজন্য জনগণ ২২ জানুয়ারির নির্বাচন হতে দেয়নি।" নির্বাচনের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা- প্রশ্নে আশরাফ বলেন, "ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। জরুরি অবস্থায় অনেক দল যৌক্তিক কারণে নির্বাচনে অংশ নিতে নাও পারে।" কার্যনির্বাহী সংসদের বৈঠকের আগে শেখ হাসিনা বেশ কিছুক্ষণ জিল্লুর রহমান, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী ও সৈয়দ আশরাফের সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এসকে/২৩১১ঘ.