ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা আড়াই হাজারের বেশি।
শনিবার মনোনয়ন বাছাই ফরম বিক্রি ও জমা নেওয়ার শেষ দিন পর্যন্ত ছয় বিভাগে ৩০০ আসনের জন্য মোট দুই হাজার ৭৫৮টি ফরম বিক্রি করেছে দলটি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভাগীয় উপ কমিটির সহসম্পাদক মৃণাল কান্তি দাশ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এবার ঢাকা বিভাগের জন্য ১৩০১টি ফরম বিক্রি হয়েছে। এছাড়া বরিশাল ২০৬টি, সিলেট ৯৫, চট্টগ্রাম ৪৪৩, রাজশাহী ৪৫২ ও খুলনা বিভাগের জন্য ২৬১টি ফরম বিক্রি হয়।
বিক্রি হওয়া ফরমের প্রায় সবই জমা পড়েছে বলে মৃণাল কান্তি জানান।
গত ৪ নভেম্বর তৃণমূল নেতাদের সুপারিশ অনুযায়ী প্রার্থী বাছাইয়ের পরিকল্পনা চূড়ান্ত করে আওয়ামী লীগ। ওইদিন দলের কার্যনির্বাহী সংসদের সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। প্রাথমিকভাবে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়ার কথা থাকলেও শুক্রবার এই সময় আরেক দিন বাড়ানো হয়।
তৃণমূল নেতারা এখন প্রতিটি আসনের জন্য পাঁচজন করে প্রার্থী বাছাই করে ১০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড সম্পাদকের কাছে পাঠাবেন। ওই তালিকা থেকেই কেন্দ্রীয়ভাবে ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করা হবে।
সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ নভেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/এসকে/১৯০৫ঘ.
bdnews24