২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধন প্রক্রিয়া সোমবার শেষ

রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া আগামী সোমবারের মধ্যে শেষ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ১৪টি দলকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। আরও আটটি দলের নিবন্ধন প্রক্রিয়াও চূড়ান্ত হয়েছে বলে ইসি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 10:21 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া আগামী সোমবারের মধ্যে শেষ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ১৪টি দলকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। আরও আটটি দলের নিবন্ধন প্রক্রিয়াও চূড়ান্ত হয়েছে বলে ইসি জানায়। ইসি সচিবালয়ের যুগ্মসচিব নুরুল ইসলাম খান শনিবার সাংবাদিকদের বলেন, "১০ নভেম্বর (সোমবার) নিবন্ধনের সব কার্যক্রম শেষ করার চূড়ান্ত সময়সীমা। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ নভেম্বর হওয়ায় এর আগেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুবিধার্থে সোমবার এ কাজ শেষ করতে হবে।" তিনি জানান, শনিবার পর্যন্ত ২২টি রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ১৪টি দলকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। নিবন্ধন সনদ নেওয়া দলগুলো হচ্ছে- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা), জামায়াতে ইসলামী, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জাসদ (ইনু), এলডিপি, বিকল্প ধারা, জাতীয় পার্টি (জেপি), কৃষক-শ্রমিক জনতা লীগ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি ও ন্যাপ (মোজাফফর)। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), তরিকত ফেডারেশন, বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত আন্দোলন, জাকের পার্টি, ইসলামী ঐক্যজোট ও ন্যাপের (এনামুল) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে ইসি। নিবন্ধন যাচাই-বাছাই কমিটির প্রধান নূরুল ইসলাম বলেন, "অচিরেই এ দলগুলোকে নিবন্ধন সনদ দেওয়া হবে।" এছাড়াও যাচাই-বাছাই শেষে আরও কয়েকটি দল নিবন্ধন পেতে পারে বলে যুগ্মসচিব জানান। নূরুল ইসলাম বলেন, "যারা নিবন্ধন পাবে না, তাদের রাজনীতি করতে কোনও বাধা নেই। তবে নির্বাচনে অংশ নিতে পারবে না।" রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া গত ৩০ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। তবে ওই সময়ের মধ্যে তা সম্পন্ন করতে পারেনি ইসি। ইসির উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ সাংবাদিকদের জানিয়েছেন, এবার সংসদ নির্বাচনের জন্য 'না ভোট'সহ মোট ১৪১টি প্রতীক সংরক্ষিত থাকবে। নিবন্ধিত দলগুলোর নির্দিষ্ট প্রতীক থাকছে। এর বাইরের প্রতীক থেকে স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এমআই/জিএনএ/১৬২১ ঘ.