২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা করেছি কিন্তু কিছুই ভুলে যাইনি: হাসিনা

"আমি তো নীলকণ্ঠ, সবাইকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু, আমি কিছুই ভুলে যাইনি।" বিদেশ থেকে ফেরার পর শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে 'সংস্কারপন্থীদের' সূক্ষ্ম হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেন শেখ হাসিনা। বৈঠকের এক পর্যায়ে এতদিন দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনকারী সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান কোন ভুল হয়ে থাকলে তা 'ক্ষমাসুন্দর দৃষ্টিতে' দেখার জন্য দলীয় সভানেত্রীর প্রতি আহবান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 05:52 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--"আমি তো নীলকণ্ঠ, সবাইকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু, আমি কিছুই ভুলে যাইনি।" বিদেশ থেকে ফেরার পর শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে 'সংস্কারপন্থীদের' সূক্ষ্ম হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেন শেখ হাসিনা। বৈঠকের এক পর্যায়ে এতদিন দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনকারী সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান কোন ভুল হয়ে থাকলে তা 'ক্ষমাসুন্দর দৃষ্টিতে' দেখার জন্য দলীয় সভানেত্রীর প্রতি আহবান জানান। জিল্লুর রহমানের বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের চরাই-উৎরাই দেখে আসছেন। আওয়ামী লীগ তার কাছে একটি পরিবারের মতো। পরিবারের সদস্যরা ভুল করতেই পারে। এজন্য দলের মধ্যে থেকেই তা সংশোধন করতে হবে। এজন্য তিনি বাইরের কাউকে সম্পৃক্ত করবেন না। আওয়ামী লীগের সিনিয়র নেতা আব্দুর রাজ্জাক গত বছরের ৩০ জুন দলের জন্য 'তার ব্যক্তিগত সংস্কার প্রস্তাব' পেশ করেন। আব্দুর রাজ্জাকের দু'দিন পরই তোফায়েল আহমেদ আওয়ামী লীগের সংস্কার প্রস্তাব দেন। সুরঞ্জিত সেনগুপ্ত সভানেত্রীর একক সিদ্ধান্তে দল পরিচালনার রীতির অবসান ঘটানোর পক্ষে জোরালো সমর্থন জানান। ১/১১ পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র আনার কথিত লক্ষ্যে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বহুল আলোচিত সংস্কার প্রক্রিয়ায় উৎসাহ দিতে থাকে। দলীয় প্রধানদের 'অগণতান্ত্রিক ও একচ্ছত্র' ক্ষমতা হ্রাসই ছিল এর ঘোষিত উদ্দেশ্য। বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের কিছুসংখ্যক নেতা এতে জড়িত হন যারা পরিচিত হয়েছিলেন সংস্কারপন্থী হিসেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২৩৪৫ঘ.