ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জরুরি আইনের মামলায় নিম্ন আদালতে দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে যাদের আপিল আবেদন উচ্চ আদালতে বিবেচনাধীন রয়েছে, তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ দাবি জানানো হয়।
সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শেষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "জরুরি আইনে নিম্ন আদালতে সাজাপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করলে তাদের মামলার সুরাহা না হওয়া পর্যন্ত সংবিধানসম্মতভাবে তাদের নির্বাচন করতে দিতে হবে।"
জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে আশরাফ বলেন, "মনোনয়নপত্র দাখিলের আগেই জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।"
এছাড়া মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত ঋণ ও বিলখেলাপীদের বকেয়া পরিশোধের সুযোগ দেওয়ারও দাবি জানান তিনি।
উপজেলা নির্বাচন 'যৌক্তিক ও বাস্তবসম্মত' সময় পর্যন্ত পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আশরাফ বলেন, "উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ জাতীয় সংসদ নির্বাচনের পরে নেওয়াসহ আমরা উপজেলা নির্বাচন পেছানোর দাবি করছি।"
তিনি জানান, জরুরি আইনে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের ব্যাংক হিসাব জব্দ রয়েছে। তাদের নতুন কোনো হিসাবও খুলতে দেওয়া হচ্ছে না।
আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের ব্যক্তিদের নতুন ব্যাংক হিসাব খোলার অনুমতি দেওয়ার দাবি জানান সাধারণ সম্পাদক।
আশরাফুল জানান, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য বাছাই ফরম বিক্রি ও জমা নেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
আগের সময়সূচি অনুযায়ী, বাছাই ফরম বিক্রি ও জমা নেওয়ার সময়সীমা ছিল শুক্রবার পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবারও ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।
এছাড়া প্রতিটি আসনের জন্য পাঁচজন করে প্রার্থী বাছাই করে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড সম্পাদকের কাছে পাঠানোর সময়সীমাও একদিন বাড়ানো হয়েছে। তৃণমূল নেতারা ১০ নভেম্বরের মধ্যে এ তালিকা পাঠাবেন।
গত ৪ নভেম্বর তৃণমূল নেতাদের সুপারিশ অনুযায়ী প্রার্থী বাছাইয়ের পরিকল্পনা চূড়ান্ত করে আওয়ামী লীগ। ওইদিন দলের কার্যনির্বাহী সংসদের সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ নভেম্বর থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু হয়।
সাধারণ সম্পাদক আবদুল জলিল এসময় উপস্থিত ছিলেন না। তিনি ছাড়া কার্যনির্বাহী সংসদের ৭১ সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ সব নেতাই বৈঠকে ছিলেন।
শুক্রবার বিকেলে বৈঠকে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনা ধানমন্ডীতে নিজের রাজনৈতিক কার্যালয়ে আসার পর সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান তাকে স্বাগত জানান। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী এ সময় হাততালি ও শ্লোগান দেন।
রাত পৌনে ৯টা পর্যন্ত চলার পর কার্যনির্বাহী সংসদের বৈঠক শনিবার বিকাল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।
চিকিৎসার জন্য প্রায় পাঁচ মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/জেকে/এসকে/২২৫৩ঘ.
bdnews24