২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বাধা তুলে নিলে বিএনপি নির্বাচনে যেতে রাজি: দেলোয়ার

সরকারকে বাধা তৈরির দায়ে অভিযুক্ত করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, 'বাধা তুলে নিলে' তার দল নির্বাচনে যেতে রাজি আছে। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সাত নভেম্বর এর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারকে বাধা তৈরির দায়ে অভিযুক্ত করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, 'বাধা তুলে নিলে' তার দল নির্বাচনে যেতে রাজি আছে। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সাত নভেম্বর এর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দেলোয়ার হোসেন বলেন, "নির্বাচনে আপনারা যে বাধা তৈরি করেছেন তা তুলে নিন। আমরা নির্বাচনে যেতে রাজি আছি। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে আমরা আবারও ক্ষমতায় যাবো। কিন্তু আমাদের বাইরে রেখে পাতানো নির্বাচন করে অনেকেই ক্ষমতায় যেতে চাচ্ছে।" জরুরি অবস্থা প্রত্যাহার ও দলীয় নেতাকর্মীদের মুক্তি দেওয়াসহ সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সাত নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে সব 'ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছিল' মন্তব্য করে বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম বলেন, "এখন আমাদের সে অনুপ্রেরণা নিয়ে সমস্ত ষড়যন্ত্রকে হার মানিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।" নেতা-কর্মীদের দলীয় সিদ্ধান্তের প্রতি অবিচল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান বলেন, "নেত্রী নির্বাচনে যেতে বললে নির্বাচন; আর আন্দোলনে যেতে বললে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।" সাবেক মন্ত্রী এম কে আনোয়ার বলেন, "খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো। যারা বারবার গণতন্ত্র হত্যা করেছে তাদেরকে জনগণের সামনে দাঁড় করাবো।" বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি তরিকুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মনিরুজ্জামান মিঞা, জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এসকে/২১৫০ঘ.