ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য বাছাইফরম বিক্রি ও জমা নেওয়ার সময়সীমা একদিন বাড়িয়েছে আওয়ামী লীগ। (আরও তথ্যসহ)
শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
আশরাফুল জানান, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য বাছাই ফরম বিক্রি ও জমা নেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
আগের সময়সূচি অনুযায়ী, বাছাই ফরম বিক্রি ও জমা নেওয়ার সময়সীমা ছিল শুক্রবার পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবারও ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।
এছাড়া প্রতিটি আসনের জন্য পাঁচজন করে প্রার্থী বাছাই করে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড সম্পাদকের কাছে পাঠানোর সময়সীমাও একদিন বাড়ানো হয়েছে। তৃণমূল নেতারা ১০ নভেম্বরের মধ্যে এ তালিকা পাঠাবেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভাগীয় উপকমিটির সহ-সম্পাদক মৃণাল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনোনয়ন প্রত্যাশীরা গত তিন দিনে দু'হাজারের বেশি 'বাছাই ফরম' কিনেছেন।
এর মধ্যে ঢাকা বিভাগের জন্য ৩০০টি, রাজশাহী ৭২টি, সিলেট ১২টি, খুলনা ৩৪টি এবং বরিশালের বিভিন্ন আসনের জন্য ৩৬টি ফরম বিক্রি হয়েছে।
এ পর্যন্ত সাতটি আসনের জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার নামে ৯টি ফরম কেনা হয়েছে। এগুলো হলো- রংপুর ৬, বরিশাল ১, নড়াইল ১ ও ২, বাগেরহাট ১, খুলনা-১ আসনের দু'টি এবং গোপালগঞ্জ ৩ আসনের জন্য দুটি ফরম কিনেছেন দলের নেতারা।
গত ৪ নভেম্বর তৃণমূল নেতাদের সুপারিশ অনুযায়ী প্রার্থী বাছাইয়ের পরিকল্পনা চূড়ান্ত করে আওয়ামী লীগ। ওইদিন দলের কার্যনির্বাহী সংসদের সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ নভেম্বর থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু হয়।
আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ নভেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/জেকে/২৩৫০ ঘ.
bdnews24