২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের চার নেতার বাসায় খালেদা জিয়া

লালদিঘীতে জনসভার পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চট্টগ্রামের চার বিএনপি নেতার বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। মহানগর বিএনপির বিভিন্ন অংশের মধ্যে অন্তর্কোন্দলের প্রেক্ষাপটে খালেদা জিয়ার এই চার নেতার বাসায় যাওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে দলীয় নেতারা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালদিঘীতে জনসভার পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চট্টগ্রামের চার বিএনপি নেতার বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। মহানগর বিএনপির বিভিন্ন অংশের মধ্যে অন্তর্কোন্দলের প্রেক্ষাপটে খালেদা জিয়ার এই চার নেতার বাসায় যাওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে দলীয় নেতারা জানান। জনসভা শেষে শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়া সার্কিট হাউজে ফেরেন। সেখান থেকে রাত আটটার দিকে ঢাকা রওয়ানা হওয়ার আগে তিনি প্রথমে নগর বিএনপির আহবায়ক সৈয়দ ওয়াহিদুল আলমের পাঁচলাইশের বাসায় যান। এরপর রহমতগঞ্জের গুডস হিলে সালাহউদ্দিন কাদের চৌধুরী, কাতালগঞ্জে আব্দুল্লাহ আল নোমান এবং সবশেষে মেহেদীবাগে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় যান তিনি। সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিএনপি নেত্রীর চার নেতার বাসায় যাওয়ার কথা উল্লেখ করে জানান, পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য তিনি এসব নেতার বাসায় তিনি কিছু সময় অতিবাহিত করেন। এসময় দলীয় মনোনয়ন নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আমীর খসরু বলেন, শুভেচ্ছা বিনিময় ছাড়া অন্য কোন প্রসঙ্গ এসময় ওঠেনি। সালাহউদ্দিন কাদের চৌধুরী ও তার ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ থাকলেও খালেদা জিয়ার উপস্থিতিতে তারা শুভেচ্ছা বিনিময় করেছেন। সালাহউদ্দিন কাদের চৌধুরীর গুডস হিলের বাসায় দীর্ঘদিন পর উপস্থিত হয়েছিলেন গিয়াসউদ্দিন চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এসএম/এসকে/২০২৪ঘ.