২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করুন: গণসংযোগে গিয়ে মান্নান ভুঁইয়া

জরুরি অবস্থা প্রত্যাহারসহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া। শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর শিবপুরের দুলালপুরে কর্মী-সমর্থকদের এক সমাবেশে মান্নান ভুঁইয়া একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহারসহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া। শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর শিবপুরের দুলালপুরে কর্মী-সমর্থকদের এক সমাবেশে মান্নান ভুঁইয়া একথা বলেন। এসময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেন তিনি। মান্নান ভুঁইয়া সকালে ঢাকা থেকে শিবপুর যান। সন্ধ্যায় ঢাকা ফেরার আগে সারাদিন গণসংযোগ করেন তিনি। নির্বাচন সুষ্ঠু করতে সরকারকে পরিবেশ তৈরি করার আহবান জানিয়ে মান্নান ভুঁইয়া বলেন, '' আমরা একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। এ জন্য সবকিছুই সরকারকে করতে হবে।'' আগামী নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বিতার কথাও বলেন কথিত 'সংস্কারপন্থী' অবস্থান নেওয়ার জন্য দল থেকে বহিস্কৃত বিএনপির এ প্রবীণ নেতা। তিনি বলেন,''আমার এখন কোনো দল কিংবা প্রতীক নেই। শিবপুরবাসীই আমার ঠিকানা। তাদের জন্য আমি নির্বাচনে অংশ নেব।'' অনুষ্ঠানে শিবপুর বিএনপির আহবায়ক আবুল হারিছ রিকাবদার, সদস্য সচিব আরিফুর ইসলাম মৃধা, যুব দল, ছাত্র দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৩৪ঘ.