২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকরা সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন

সরকারি অনুদান পাওয়া (এমপিওভুক্ত ) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে তারা উপজেলা নির্বাচন করতে পারবেন না। উপজেলা নির্বাচন করতে হলে তাদের চাকরি ছাড়তে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 08:50 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি অনুদান পাওয়া (এমপিওভুক্ত ) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে তারা উপজেলা নির্বাচন করতে পারবেন না। উপজেলা নির্বাচন করতে হলে তাদের চাকরি ছাড়তে হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবির শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন, "সরকারি অনুদান পাওয়া (এমপিওভুক্ত ) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে কোনও বাধা নেই।" তবে আইন অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকারের উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে ইসি সচিব জানান। তিনি আরও জানান, নির্বাচনে প্রার্থীরা পানি, গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোন বিলের ক্ষেত্রে গত তিন মাসের বিল পরিশোধ করেই মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। হুমায়ুন কবির বলেন, "প্রার্থীরা গত তিন মাসের বিল নিয়মিত করে এলে তাদের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচনা করা হবে।" শুক্রবার ইসি সচিবালয়ে নির্বাচনী আইন ও বিধি বিষয়ে বিভাগীয় কমিশনারদের প্রশিক্ষণ শেষে হুমায়ুন কবিরের সঙ্গে সাংবাদিকদের কথা হয়। প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, "আপনারা নিরপেক্ষ থেকে কাজ করবেন। কোনও ছোট-খাট ত্র"টির কারণে কোনও প্রার্থী যেন বাদ না পড়ে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন।" সাখাওয়াত হোসেন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখার 'স্বার্থে' ভোটের দিন সারাদেশে মোবাইল যোগাযোগ বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এমআই/১৪৪৪ ঘ.