ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে শুক্রবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি। দিনটিকে সরকারিভাবে পালনের দাবিও জানিয়েছে তারা।
সকাল ৭টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে ভোরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকাল ৩টার দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল। অভ্যূত্থান পাল্টা অভ্যূত্থানের মধ্য দিয়ে চলা ঘটনাপ্রবাহের এক পর্যায়ে গৃহবন্দি করা হয় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে। ৭ নভেম্বর সৈনিকরাসহ বন্দিদশা থেকে মুক্ত করেন জিয়াকে।
বিএনপি ক্ষমতায় থাকাকালে দিনটিকে সরকারিভাবে পালন করা হতো।
দিবসটি উপলক্ষে শুক্রবার ভোর থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার সমাধি প্রাঙ্গণে দলের নেতা-কর্মী-সমর্থকদের ঢল নামে। নানা রঙের ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মীরা স্লোগান দিতে দিতে সেখানে যায়।
খালেদা জিয়া শ্রদ্ধা জানানোর পর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
ওই সময় তার সঙ্গে ছিলেন- দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য এম. শামসুল ইসলাম, সহসভাপতি তরিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, যুবদলের সভাপতি বরকতউল্লাহ বুলু, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।
শ্রদ্ধা জানানোর পর খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "৭ নভেম্বর সরকারিভাবে না পালন একটি ষড়যন্ত্রের অংশ। আমরা চাই, দিনটি সরকারিভাবে পালন করা হোক।"
যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান নির্বাচন প্রসঙ্গে বলেন, "আমরা নির্বাচনে যেতে চাই। কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যা কিছু করা দরকার, তা করার দাবি জানিয়েছি আমরা। আশা করছি, আমাদের দাবি বাস্তবায়ন করে সরকার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে।"
কারামুক্ত হওয়ার পর এ বছর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একক ভাবে ৭ নভেম্বর জিয়ার সমাধিতে ফুল দিল। গত বছর দলটি দুই ভাগে বিভক্ত হয়ে কর্মসূচি পালন করেছিল।
বিএনপি ছাড়াও সকালে জিয়ার সমাধিতে ফুল দেয় ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, উলামা দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), জিয়া শিশু সংগঠন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
এছাড়া সকালে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীও জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
৭ নভেম্বর উপলক্ষে সকাল থেকে জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমআই/১০১৫ ঘ.
bdnews24