ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মনোনয়নপত্র দাখিলের 'পর্যাপ্ত' সময় দিয়ে নতুন তফসিলসহ বিএনপির সাত দফা দাবির প্রতি ঐক্যমত পোষণ করেছে জাতীয়তাবাদী আদর্শের ১২টি রাজনৈতিক দল।
চারদলীয় জোটের বাইরে জাতীয়তাবাদী আদর্শের সমমনা ওই ১২ টি দলের নেতাদের সঙ্গে বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠক করেছেন। বৈঠকে দলগুলো বিএনপির এই অবস্থানের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর দলটির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "দেশ এক সঙ্কটময় সময় অতিক্রম করছে। সাতদফা দাবি বাস্তবায়ন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির মাধ্যমেই দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে বলে ১২ টি রাজনৈতিক দলের নেতারা মত প্রকাশ করেছেন। সাতদফা দাবি পূরণ করে মনোনয়নপত্র দাখিলের পর্যাপ্ত সময় দিয়ে তফসিল ঘোষণা করতে হবে।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, 'দেশের স্বাথের্' জোটের পরিধি বাড়ানোও হতে পারে।
১২ দলের নেতাদের মধ্যে ছিলেন- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)'র শফিউল আলম প্রধান, খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি (এসপিপি)'র শেখ শওকত হোসেন নীলু, ফরহাদ হোসেন, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দীন আহাম্মেদ মনি, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আব্দুল মবিন, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির নাজিমউদ্দীন আল আসাদ, ন্যাশনাল আওয়ামী পার্টির শেখ আনোয়ারুল হক, আলতাফ হোসেন মুন্না, নির্দলীয় জন আন্দোলন এর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান, মুসলিম লীগ (ইউসুফ) এর অ্যাডভোকেট আনম ইউসুফ, আবুল খায়ের, মুসলিম লীগ (কামরুজ্জামান) এর মোহাম্মদ কামরুজ্জামান, আতিকুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির সেকান্দার আলী মনি, মো. আক্তার হোসেন, বাংলাদেশ লেবার পার্টির (হুদা) শামসুল হুদা মামুন, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মর্তূজা, আলমগীর মজুমদার, হিন্দু লীগের বিধূর কান্তি বিশ্বাস উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এসকে/২৩১১ঘ.
bdnews24