ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ। এ কারণে শেখ হাসিনা, চাচাতো ভাই শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে বুধবার মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। (আরও তথ্যসহ)
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খান বুধবার বিকেল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।
আদালতের সংশ্লিষ্ট পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক তাহেরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাকিম মো. মোমিনুল ইসলাম প্রতিবেদন গ্রহণ করেছেন।
গত বছরের ১৩ জুন তেজগাঁও থানায় হাসিনাসহ তিনজনকে আসামি করে এ মামলা করেছিলেন ২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নূর আলী।
তেজগাঁও থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম অভিযোগ তদন্তের প্রাথমিক দায়িত্ব পান। তিনি বদলি হওয়ার পর তদন্তের ভার পড়ে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খানের ওপর।
মামলার অভিযোগে নূর আলী দাবি করেন, তিনি বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর তৎকালীন সরকারি বাসভবন গণভবনে গিয়ে বিদ্যুৎকেন্দ্রের কাজ পেতে স্ট্যান্ডার্ড চাটার্ড ও আইএফআইসি ব্যাংকের ১২টি চেকে ৫ কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছেন।
তিনি আরো অভিযোগ করেন, শেখ হেলাল ওই কাজ পেতে সহায়তা করার জন্য তার কাছে এক কোটি টাকা চাঁদা অথবা ওই দামের ফ্ল্যাট দাবি করেন। পরে তিনি বারিধারায় বোরাক রিয়েল এস্টেটে দুটি ফ্ল্যাট হেলালউদ্দিনের স্ত্রী রূপা চৌধুরীকে বুঝিয়ে দেন বলে দাবি করেন নূর আলী।
শেখ হাসিনার বিরুদ্ধে দুই ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরী ও তাজিুল ইসলাম ফারুকের দায়ের করা চাঁদাবাজির আরও দুটি মামলা রয়েছে। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে আরও তিনটি মামলার বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিসি/এসএনডি/এসকে/১৮৩৪ঘ.
bdnews24