২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থার ভবিষ্যত নির্ভর করছে পরিস্থিতির ওপর: গোলাম কাদের

রাজনৈতিক দলগুলোর দাবি সত্ত্বেও জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে মনে করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 09:37 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর দাবি সত্ত্বেও জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে মনে করছে সরকার। উপদেষ্টা গোলাম কাদের বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, " জরুরি অবস্থার অনেক কিছুই শিথিল করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি অনুযায়ী জরুরি অবস্থা শিথিল অথবা প্রত্যাহার, যেটাই হোক করা হবে।" নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে। অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। সরকার তাতে পুরোপুরি সাড়া না দিলেও জরুরি আইনের বেশ কয়েকটি ধারা শিথিল করেছে। জরুরি অবস্থা বহাল রাখার কারণ কী- প্রশ্ন করা হলে গোলাম কাদের বলেন, "কোনও একটি সুনির্দিষ্ট কারণে জরুরি অবস্থা বহাল রয়েছে, তা বলা যাবে না। অনেক কারণেই জরুরি অবস্থা রয়েছে। পরিস্থিতি যদি এমন হয় যে জরুরি অবস্থা ছাড়া উপায় নেই, তবে জরুরি অবস্থা পুরোপুরি তোলা যায় না।" নির্বাচনের পরে পরিস্থিতির উন্নতির আশা করে উপদেষ্টা বলেন, "সব বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা এখন নির্বাচনের মহাসড়কে এসে দাঁড়িয়েছি। আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন হবে। আশা করি, সব দলের অংশ গ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে।" "আমরা যে গুণগত উত্তরণ চাচ্ছি, হয়তো আশার চেয়েও বেশি হবে।" বিএনপি এখনও নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত না জানানোয় নির্বাচন নিয়ে কোনও অনিশ্চয়তা রয়ে গেল কিনা- এ প্রশ্নে গোলাম কাদের বলেন, "সমঝোতার দরজা তো খোলা আছে। আমরা এখনও এজন্য কাজ করে যাচ্ছি। আশা করছি, তারাও নির্বাচনে অংশ নেবেন।" বুধবার গণপূর্ত মন্ত্রণালয়ে সংলাপের দায়িত্বপ্রাপ্ত তিন উপদেষ্টা বৈঠক করেন। যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের ছাড়াও ওই বৈঠকে অংশ নেন আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমআই/১৫২৯ ঘ.