২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে যেতে আবার ৭ দফা দাবি মানার আহ্বান বিএনপির

নির্বাচনে যেতে সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। মঙ্গলবার রাতে বৈঠক শেষে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "বিএনপি নির্বাচনে যেতে চায়। আগামী ১৮ ডিসেম্বরের নির্বাচনে আমরা অংশ নিতে চাই, কিন্তু এর আগে সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়গুলো দূর করতে হবে।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে যেতে সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। মঙ্গলবার রাতে বৈঠক শেষে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "বিএনপি নির্বাচনে যেতে চায়। আগামী ১৮ ডিসেম্বরের নির্বাচনে আমরা অংশ নিতে চাই, কিন্তু এর আগে সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়গুলো দূর করতে হবে।" দেলোয়ার জানান, বিএনপি নির্বাচনে যাবে না- এ ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, " স্থায়ী কমিটি মনে করে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করছে সরকার। বিএনপিকে বাইরে রেখে কোনো একটি বিশেষ দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র হচ্ছে বলেও বিএনপি মনে করে।" দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে মঙ্গলবার রাত ৮টা থেকে স্থায়ী শুরু হওয়া বৈঠক রাত ৯টা ৪৫ মিনিটে শেষ হয়। বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণা, সুষ্ঠু সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা পুনর্ব্যক্ত করলেও খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, "পূর্ণাঙ্গভাবে জরুরি অবস্থা প্রত্যাহার না করায় দলের অনেক যোগ্যপ্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবে না। জরুরি অবস্থার কথা বলে তাদের নির্বাচনের বাইরে রাখার প্রচেষ্টা করা হচ্ছে।" সাত দফার দাবিগুলো হলো- জরুরি অবস্থা তুলে নেওয়া, খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রাজনৈতিক নেতাদের মুক্তি, উপজেলা নির্বাচন পেছানো, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল, নির্বাচনের পরিবেশ সৃষ্টি ও সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ গেজেট বাতিল। দেলোয়ার বলেন, তফসিল ঘোষণায় নির্বাচনবিধি অনুযায়ী বিল খেলাপিদের ১৫ দিন সময় পাওয়ার কথা। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ নভেম্বর হওয়ায় কারণে ১১ দিন সময় পাওয়া যাবে। এক্ষেত্রে নির্বাচনী বিধি অনুসরণ করা হচ্ছে না। তিনি দাবি করেন, এরকম বিল খেলাপের কারণে তার দলের অনেক যোগ্য প্রার্থী বিড়ম্বনার স্বীকার হবেন। এক প্রশ্নের জবাবে দেলোয়ার হোসেন বলেন, "বিএনপির প্রার্থী সঙ্কট নেই। ২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল করা নির্বাচনের আগেই তাদের প্রার্থী চূড়ান্ত করা আছে। ওই তালিকায় কিছু ক্ষেত্রে রদবদল হবে মাত্র।" আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিএনপি নির্বাচনে যাবে না- এ ধরনের সিদ্ধান্ত নেয়নি। আমরা বলতে চেয়েছি, সুষ্ঠু নির্বাচনে যে সাত দফা দাবি সরকারের কাছে দেওয়া হয়েছিল, তার মধ্যে ছয়টির ব্যাপারে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে। কিন্তু ওইসব দাবির কোনোটিই এখনও পূরণ করা হয়নি।" জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি পুনঃউল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহার না করে তড়িঘড়ি করে শিথিল করা হয়েছে। বিএনপি মনে করে জরুরি অবস্থার মধ্যে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জরুরি বিধিমালায় যাদের দণ্ডিত করা হয়েছে নির্বাচনে তাদের বিরত রাখার জন্যই জরুরি অবস্থা পূর্ণাঙ্গ প্রত্যাহার করা হয়নি।" সাবেক দলীয় সাংসদ মির্জা আব্বাস, মোসাদ্দেক আলী ফালুসহ কারাবন্দি অনেকেই উচ্চতর আদালতে জামিন পাবার পরও আটকাদেশ দিয়ে তাদের বন্দি রাখার কথাও উল্লেখ করেন তিনি। নির্বাচনে সমান সুযোগ তৈরি হয়নি অভিযোগ করে বিএনপির এই নেতা আরও বলেন, "প্রশাসনের অনেক জায়গায় একটি দলের সমর্থক এমন কর্মকর্তা অবস্থান করছেন। বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে সরকারকে জানানো হলেও কোনো প্রতিবিধান পাইনি আমরা।" জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশে প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদানের মতো আইনেরও সমালোচনা করেন তিনি। বুধবার চার দলের বৈঠকে এসব বিষয়ে জোটের সিদ্ধান্ত হবে বলে জানান খোন্দকার দেলোয়ার। খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে এম সাইফুর রহমান, আবদুল মতিন চৌধুরী, অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন, ড. আর এ গনি, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহববুুর রহমান ও এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির আইন বিশেষজ্ঞ বিচারপতি টিএইচ খানও উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির ১১ সদস্যের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। আরেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বৈঠকে যাওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। জামিনে খালেদা জিয়ার মুক্তি লাভের পর এই নিয়ে চারবার বৈঠকে বসল বিএনপি স্থায়ী কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/২৩০৪ঘ.