ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে অংশ নেওয়ার জন্য খালেদা জিয়ার হাতে সময় রয়েছে ১০ দিন।
নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেছেন, আসন্ন নির্বাচনে প্রার্থী হতে হলে বিএনপি চেয়ারপারসনকে ১৩ নভেম্বরের মধ্যেই ভোটার হতে হবে। যদিও স্পিকার জমিরউদ্দিন সরকার সম্প্র্রতি বলেছেন, প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটার হওয়া বাধ্যতামূলক নয়। মঈনুল হক চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত।
খালেদা জিয়া এখনও ভোটার হননি। ভোটার তালিকায় নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করা না হলেও খালেদা জিয়া 'বিশেষ ব্যবস্থা'য় ভোটার হতে পারবেন বলে ইসি ইতোপূর্বে জানিয়েছে।
আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হবে। রোববার ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১৩ নভেম্বর।
ইসির উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী, খালেদা জিয়াকে নির্বাচনে প্রার্থী হতে হলে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ নভেম্বরের আগেই ভোটার হতে হবে।"
তফসিল ঘোষণা করে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাও বলেন, "এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীকে বাংলাদেশের কোনও একটি ভোটার এলাকার ভোটার হতে হবে।"
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার গত মাসে সাংবাদিকদের বলেছিলেন, "নির্বাচনে অংশ নিতে হলে সংবিধান অনুযায়ী ভোটার হওয়া বাধ্যতামূলক নয়।"
ইসির উপসচিব মোর্শেদ বলেন, "চূড়ান্ত সময়সীমা পার হওয়ার পরও নির্বাচন কমিশন বিশেষ ক্ষমতায় যে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে।"
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গত মাসে সাংবাদিকদের বলেছিলেন, "খালেদা জিয়া চাইলে যে কোনও সময় ভোটার হতে পারবেন। তিনি ইচ্ছা প্রকাশ করলেই তাকে ভোটার করার উদ্যোগ নেওয়া হবে।"
খালেদা জিয়া ভোটার হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করলে কখন ও কোন ঠিকানায় ভোটার হবেন তা এখনও জানাননি বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান।
তিনি রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তারা যোগাযোগ করেছেন। ভোটার হতে রাজি হলেও কবে ও কোন ঠিকানায় ভোটার হবেন
bdnews24