ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি অস্ত্র মামলায় বরিশালের সাবেক মেয়র মুজিবুর রহমান সারোয়ারকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া, অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের জামিন আপিল বিভাগ বহাল রেখেছে।
সারোয়ারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি শেখ আবদুল আউয়ালের বেঞ্চ রোববার তার জামিন মঞ্জুর করে।
বরিশালের সাবেক মেয়রের বিরুদ্ধে ২০০৭ সালের ২৮ জুন গুলশান থানায় মামলটি করা হয়েছিল। সারোয়ারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
এদিকে, আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন মওদুদ আহমেদের জামিন স্থগিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন নাকচ করে দেন।
দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আনিসুল হক। ব্যারিস্টার মওদুদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
বিচারপতি মো. আনোয়ারুল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ গত ২৩ অক্টোবর ব্যারিস্টার মওদুদ আহমেদকে অবৈধ সম্পদ অর্জন মামলায় তিন মাসের জামিন দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৯০০ঘ.
bdnews24