ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলীয় ঐক্যজোটের মহাসচিবরা রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় জরুরি এক বৈঠক বসছেন।
সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় এ বৈঠক হবে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মুহুর্তে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ন বলে ধারনা করা হচ্ছে।
বিএনপির প্রচার বিভাগের কর্মকর্তা মহিউদ্দিন খান মোহন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার দলের মহাসচিবদের বৈঠক আহবান করা হয়েছে। বিএনপি মহাসচিবের বাসায় এই বৈঠক হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান ও মহাসচিব শামীম আল মামুন উপস্থিত থাকার কথা।
নির্বাচনের তফসিল, সীমানা সংক্রান্ত রিট মামলার রায়সহ নির্বাচন বিষয়ে আলোচনার জন্যই এই বৈঠক হচ্ছে বলে জোটের কয়েকজন নেতা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৬৩০ ঘ.
bdnews24