২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে মামলা করতে বাদীদের বাধ্য করা হয়েছে: আশরাফুল

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার জন্য বাদীদের বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার জন্য বাদীদের বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার তিনি বলেছেন, "আমাদের নেত্রীর বিরুদ্ধে কীভাবে এই মামলাগুলো করা হয়েছে তা আমরা জানি। মামলা করার জন্য অত্যাচার, নির্যাতন ও হুমকি দেওয়া হয়েছে। এমন কোনো অত্যাচার নেই যা তাদের (বাদী) ওপর চালানো হয়নি। পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।" বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত এক সমাবেশে আশরাফুল এ কথা বলেন। শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আশরাফুল বলেন, হাসিনার বিরুদ্ধে এসব মামলা 'মিথ্যা' জেনেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, "নিশ্চই সরকারের কোথাও দুর্বলতা আছে।" সরকারের উদ্দেশে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "অনেক সময় নিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখন প্রত্যাহার করুন।" 'অহেতুক সময় নষ্ট' না করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্যও নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহবান তিনি। আশরাফুল বলেন, "আমরা (আওয়ামী লীগ) নির্বাচনের জন্য প্রস্তুত। ১৮ ডিসেম্বর নির্বাচন না হলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।" আগামী ৬ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রার্থী মনোনয়নেরসহ নির্বাচনী বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান। অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, "জরুরি অবস্থার মধ্যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।" সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।" ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সভাপতি মহিউদ্দিন আহমেদ মহির সভাপতিত্বে সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/জিএনএ/১৯০৭ ঘ.