ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নিবন্ধনে আপত্তি জানিয়ে বেশ কয়েকটি সংগঠন শনিবার তাদের বক্তব্য ও দলিলপত্র নির্বাচন কমিশনের (ইসি) কাছে উপস্থাপন করেছে। আপত্তি শুনানির সময় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটির উপস্থিতির কথা থাকলেও তারা আসেনি।
মুক্তিযুদ্ধের সংগঠকরা সাংবাদিকদের বলেছেন, আপত্তি শোনার পরও ইসি জামায়াতকে নিবন্ধন দিলে তারা আদালতে যাবেন।
শুনানি পাঁচ দিন পেছানোর আবেদন জানিয়ে সকালে জামায়াতের পক্ষে ইসিতে আবেদন করা হয়। ওই চিঠিতে আপত্তিকারীদের সঙ্গে একত্রে শুনানিতে অংশ নিতেও অসম্মতি জানানো হয়। দলটির বক্তব্য, অনাকাক্সিক্ষত পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা করে তারা আপত্তিকারীদের সঙ্গে শুনানিতে অংশ নেওয়া বাধ্যতামূলক মনে করে না।
জামায়াতের শুনানি পেছানোর আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে- জানতে চাওয়া হলে বিকেলে সিইসি সাংবাদিকদের বলেন, "এখনও আমরা কোনো সিদ্ধান্ত নিইনি।"
এদিকে, নিবন্ধন আপত্তি শুনানি শেষে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমরা আপত্তিকারীদের কথা শুনলাম। বাদি সংগঠনগুলোর শুনানির পর এখন বিবাদি সংগঠন জামায়াতের বক্তব্য শোনার দরকার হতে পারে, আবার নাও হতে পারে। আমরা (ইসি) এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেব।''
জামায়াতের নিবন্ধন বিষয়ে ২৬ অক্টোবর গণবিজ্ঞপ্তি প্রকাশের পর ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ কয়েকটি সংগঠন ইসিতে লিখিত আপত্তি জানায়।
এর পরিপ্রক্ষিতে ইসি শনিবার শুনানির দিন ঠিক করে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নিমূর্ল কমিটি, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আইন ও সালিশ কেন্দ্রকে বক্তব্য জানানোর আমন্ত্রণ জানায়।
শনিবার দুপুর পৌনে ১টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে এ শুনানি।
পরে সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার সাংবাদিকদের বলেন, "জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের উপস্থাপিত বক্তব্য কমিশন শুনে বিবেচনার আশ্বাস দিয়েছে। যে কোনো মূল্যে আমরা এ নিবন্ধনের প্রতিবাদ করব। কোনোভাবে তারা নিবন্ধন পেয়ে গেলে আমরা আদালতের শরণাপন্ন হব।"
শুনানিতে জামায়াতের না আসার বিষয়ে তিনি বলেন, "আমাদের অভিযোগের কোনো সদুত্তর দিতে পারবে না এবং সত্যের মুখোমুখি হতে হবে বলেই তারা আসেনি।"
সেক্টর কমান্ডারস ফোরামের সদস্যরা শুনানিতে অংশ নিয়ে জানান, জামায়াতকে কোনোভাবে নিবন্ধন দেওয়া যায় না। এ সিদ্ধান্ত নিতে যাতে কোনো ভুল না হয়।
৭১'র গণহত্যার তদন্তকারী সংগঠন ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডা. এমএ হাসান সাংবাদিকদের বলেন, "জামায়াতে ইসলামী বিদেশের অর্থপুষ্ট হয়ে ধর্মভিত্তিক এজেন্ডা বাস্তবায়ন করছে। দলটির শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, এম কামারুজ্জামান, এ টি এম আজহারুল ইসলামের যুদ্ধাপরাধে সংশ্লিষ্ট থাকার প্রমাণাদি আমরা উপস্থাপন করেছি।"
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন- এর কাছে আন্তর্জাতিক ট্রাইবুন্যাল গঠনের আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
ঘাতক-দালাল নির্মূল কমিটির পক্ষে অধ্যাপক মুনতাসির মামুন বলেন, "ধর্মতন্ত্র ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। দেশে যদি আইন থাকে জামায়াত কোনোভাবে নিবন্ধন পেতে পারে না। তারপরও তারা নিবন্ধন পেলে অন্য পথে তা প্রতিহত করার চেষ্টা করা হবে।"
শুনানিতে সংগঠনগুলোর পক্ষে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, কে এম সফিউল্লাহ, সি আর দত্ত, মীর শওকত আলী, হারুন-অর রশীদ, ফেরদৌসী প্রিয়ভাষিণী, শ্যামলী নাসরিন চৌধুরী, সালমা হক, নাসিরউদ্দিন ইউসুফ, ব্যারিস্টার তানিয়া আমীর, শাহীন রেজা নূর, হুমায়ুন কবির প্রমুখ।
তাদের বক্তব্য শোনেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।
এদিকে, শনিবার সকালে জামায়াতের আইন বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন সরকার ইসি সচিবালয়ে এসে শুনানির সময় পেছানোর আবেদন দিয়ে যান। তিনি সাংবাদিকদের বলেন, "ইসির চিঠি আমরা দেরিতে পেয়েছি। ফলে এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নেওয়ার সুযোগ না পাওয়ায় আমরা সময় পেছানোর আবেদন জানিয়েছি।"
জামায়াতের দপ্তর সম্পাদক মাযহারুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, '৩০ অক্টোবর রাতে আমরা শুনানিতে উপস্থিত হওয়ার চিঠি পাই। দলের কেন্দ্রীয় নেতারা নির্ধারিত কর্মসূচিতে ঢাকার বাইরে অবস্থান করছেন। ২ নভেম্বরের আগে তাদের ফেরার সম্ভাবনা নেই। এ অবস্থায় স্বল্প সময়ের নোটিসে আমাদের পক্ষে শুনানিতে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। তাই শুনানির জন্য আমাদের কমপক্ষে পাঁচ দিন সময় দিয়ে বাধিত করবেন।'
গত ২৩ অক্টোবর দেওয়া সিইসির বক্তব্য উদ্ধৃত করে জামায়াতের চিঠিতে বলা হয়, 'সিইসি বলেছিলেন, 'বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টির নিবন্ধন পেতে কোনও বাধা নেই।' জামায়াতে ইসলামী ইতোমধ্যে নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে। সুতরাং কাল বিলম্ব না করে আমাদের নিবন্ধন দেওয়া ইসির আইনি দায়িত্ব।"
নিবন্ধনে আপত্তি জানানো দলগুলো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত- এ অভিযোগ করে জামায়াতে ইসলামীর চিঠিতে বলা হয়, "যারা আপত্তি জানিয়েছে, তারা জামায়াতের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, এ ধরনের আপত্তির কোনো ভিত্তি নেই। সুতরাং এটি আমলে নিয়ে কোনো শুনানির প্রয়োজন আমরা দেখছি না।"
আপত্তিকারীদের সঙ্গে একত্রে শুনানিতে অংশ নিতেও অসম্মতি জানিয়ে জামায়াত বলেছে, "আপত্তিকারীদের উপস্থিতিতে শুনানিতে অংশগ্রহণ করলে অনাকাক্সিক্ষত পরিবেশ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। এতে নির্বাচনী পরিবেশ বিঘি
bdnews24