২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মহাজোট' প্রার্থী না করলেও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নির্বাচন করবেন রাব্বানী

আওয়ামী লীগের নেতৃত্বে যদি মহাজোট হয় এবং তাকে মনোয়ন দেয় তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনটি পুনরুদ্ধার করতে পারবে বলে মনে করেন কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের নেতৃত্বে যদি মহাজোট হয় এবং তাকে মনোয়ন দেয় তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনটি পুনরুদ্ধার করতে পারবে বলে মনে করেন কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানী। শুক্রবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, "মহাজোট মনোনয়ন না দিলে আমি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।" রাব্বানী বলেন, তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি দাবি করেন, "১৯৭৩ সালের নির্বাচনের পর এ আসনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ী হতে পারেনি। আওয়ামী লীগের প্রার্থী দিলে আগামী নির্বাচনেও আসনটি পুনরুদ্ধার করা যাবে না।" ২০০৬ সালের প্রথম দিকে পল্লী বিদ্যুতের দূর্নীতির বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে শিবগঞ্জের কানসাট এলাকায় ১৭ জন নিরীহ মানুষকে গুলি করে হত্যার জন্য রাব্বানী তৎকালীন বিএনপিদলীয় সাংসদ শাহজাহান মিয়াকে দায়ী করেন। রাব্বানী বলেন, "যাদের নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।" তিনি দাবি করেন, ওয়ান ইলেভেনের আগে পর বাতিল হয়ে যাওয়া সংসদ নির্বাচনে মহাজোটের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জোটের প্রার্থী হিসাবে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন দেওয়া হয় আশ্বাস দেওয়া হয়েছিল। রাব্বানী আশা করছেন, আসন্ন সংসদ নির্বাচনে তিনি 'মহাজোটের' মনোনয়ন পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৯ ঘ.