ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বাড়িয়েছে হাইকোর্ট।
বিচারপতি শেখ রেজোয়ান আলী ও মো. রইসউদ্দিনের বেঞ্চ সোমবার এ আদেশ দেন। মামলা দুটি বাতিলে শেখ হাসিনার আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখার আদেশ দিয়েছেন তারা।
শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ শুনানিতে অংশ নেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
হাইকোর্ট গত ৭ জুলাই এ দুটি মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ দুটি মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না- তার কারণ দর্শাতে রুলও জারি করা হয় সে সময়।
এরপর গত ২৭ সেপ্টেম্বর মামলা দুটির স্থগিতাদেশ ১৪ অক্টোবর পর্যন্ত বাড়ানোর আদেশ দেয় হাইকোর্ট। গত ১৬ অক্টোবর এ স্থগিতাদেশ আরো দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়।
দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করে। গত ৭ মে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
নাইকো নিয়ে দুর্নীতির অভিযোগে বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার সময়ের কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তার বিরুদ্ধেও অনুরূপ মামলা হয়েছে।
এতে বলা হয়, বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রের ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে আসামিরা রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন।
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলাটি দায়ের করা হয় গতবছর ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় । অভিযোগপত্র দেওয়া হয় গত ১১ জানুয়ারি।
এতে বলা হয়, শেখ হাসিনাসহ সাত আসামি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে ঠিকাদারদের বিশেষ সুবিধা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এসকে/১৯৪০ঘ.
bdnews24